সৈয়দপুরে পাঁচমাথার যানজটে নাকাল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পাঁচমাথা মোড়ে প্রতিদিনই প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে। যানজটের কারণ হিসেবে ভুক্তভোগী এলাকাবাসী একমুখী সরু রেলগেটকে দায়ী করেছেন।
সৈয়দপুরের ওই এলাকা পাঁচটি সড়কের সংযোগস্থল। মোড়টিতে একত্রিত হয়েছে শহীদ ডা. জিকরুল হক সড়ক, বঙ্গবন্ধু সড়ক, শেরেবাংলা সড়ক, বিমানবন্দর সড়ক ও চালহাটি রোড। আর ওই পাঁচমাথা মোড়ের ওপর দিয়েই উত্তর-দক্ষিণমুখী খুলনা-চিলাহাটি রেলপথ চলে গেছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ট্রাফিক পরিদর্শক (টিআই), সার্জেন্ট ও পুলিশ সদস্য যানজট নিরসনে হিমশিম খাচ্ছেন। এ সময় রাজশাহী থেকে তিতুমীর এক্সপ্রেস নামের ট্রেনটিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন দিকের ছুটে যেতে দেখা যায়। মুহূর্তের মধ্যে রেলগেটের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে যায়। ট্রেন চলে যাওয়ার পর প্রায় ঘণ্টাজুড়ে ওই এলাকায় প্রবল যানজট চলতে থাকে। ভয়াবহ ওই যানজট সামাল দিতে একপর্যায়ে সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী নিজেই ট্রাফিক পুলিশের ভূমিকায় নেমে পড়েন। তিনি জানান, প্রতিদিন অসংখ্য যানবাহন বাইরে থেকেও এ শহরে প্রবেশ করে। ব্রিটিশ আমলে ৩০ ফুট চওড়া যে রেলগেটটি এখানে স্থাপন করা হয়েছিল, সেই একমুখী রেলগেটটি আজও একই অবস্থায় রয়েছে। ফলে একটি একটি করে যানবাহন অতিক্রম করে বলেই রেলগেটে জটিল যানজটের সৃষ্টি হচ্ছে। এতে উপজেলাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
ট্রাফিক পরিদর্শক ওয়ারেছ নবী জানান, মূলত স্কুল সময়ে ওই এলাকায় যানবাহন চলাচল অনেক বেড়ে যায়। এ সময় ট্রাফিক বিভাগকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দুর্ঘটনা এড়াতেই সতর্কভাবে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।
সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, ‘রেলগেটটি আসলে রেলপথ বিভাগের। পাঁচমাথা মোড়ে যানজট নিরসনে ওই রেলগেটটি সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বহুবার চিঠি দিয়েছি। এতে কোনো কাজ হয়নি। শিক্ষা, ব্যবসা-বাণিজ্যের প্রসারের ফলে সৈয়দপুরের লোকসংখ্যা প্রায় পাঁচ লাখ। সে অনুযায়ী এ শহরের রেলগেটগুলো সম্প্রসারণ করা না গেলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
পাকশী রেলপথ বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) পংকজ কুমার জানান, আসলেই সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ের রেলগেটটি ভয়াবহ অবস্থার সৃষ্টি করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।