নীলফামারীর সৈয়দপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শাখা কংক্রিট সেচনালা হঠা ৎ উধাও হয়ে গেছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মাঝাপাড়া গ্রামে ওই সেচনালার আর শেষ চিহ্নটুকুও চোখে পড়ছে না। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এই নালা গুঁড়িয়ে দিয়ে ওই জমিতে রোপা আমন, আখ, হলুদ, মরিচসহ বিভিন্ন ফসলের চাষ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, নব্বইয়ের দশকের মাঝামাঝি পাউবো কংক্রিটের তৈরি ওই সেচনালাটি নির্মাণ করে। সে সময় শুষ্ক মৌসুমে এলাকায় ২০০ হেক্টর জমি সেচনির্ভর ফসল চাষের উপযোগী করতে তৈরি হয় সেচনালাটি। সেচ-নালাটি একই উপজেলার বোতলাগাড়ী ইউ-নিয়নের পাউবোর পচা নালা থেকে বের হয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘপথ এগিয়ে যায়। উভয় পাশের জমিতে শুষ্ক মৌসুমে সেচ প্রদানের উপযোগী করে গড়ে তোলা হয় সেচনালাটি।গতকাল সোমবার সরেজমিনে গেলে এলাকার গৃহস্থ অধ্যাপক মোসলেম উদ্দিন আহমেদ জানান, ওই সেচনালাতে শুরু থেকেই পানিপ্রবাহ দেখা যায়নি। অথচ যে উদ্দেশ্যে সেচনালা তৈরি হয়েছিল, তা সফল হলে এলাকার হাজার হাজার একর জমি সেচ সুবিধা পেত। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে সেচনালাটি কোনো কাজে আসছে না। দক্ষিণ দিকে কিছুদূর সামনে এগোতেই দেখা গেল, নালাটি ভেঙে এর উঁচু জমিতে চাষ হচ্ছে মরিচ, হলুদ, ধৈঞ্চাসহ অন্যান্য ফসল। খোঁজ নেওয়া হলে সন্ধান মেলে ওই জমির দখলকারীদের। কৃষক হাবিবুর, আকবর, ফজলু, নওশাদসহ আরও অনেকেই ওই জমিতে চাষবাস শুরু করে দিয়েছেন। আরও সামনে এগোলে দেখা গেল, সেখানে কংক্রিটের সামান্য সিমেন্ট-ইটের টুকরার অস্তিত্বটুকু আর অবশিষ্ট নেই। ফসলি জমির সঙ্গে মিশে গেছে সেচনালা। এভাবে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় সেচনালার কোনো অস্তিত্বই চোখে পড়েনি। সেখানে এখন আমন ও আখ চাষের ধুম চলছে। প্রভাবশালী কৃষকেরা সেচনালা গুঁড়িয়ে দিয়েছেন সেখানে। কামারপুকুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সেচনালা দখলের খবরটি বেশ কয়েকবার মৌখিক-ভাবে পাউবোকে জানানো হয়েছে। কিন্তু সেচনালা রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি তারা। দখলদার কৃষক হাবিবুরের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘সরকারের জমি পড়ি আছে হামরা চাষ করলে, অন্য ক্যায়ো (কেউ) দখল করিবে।’ ফজলু বললেন, ‘সেচনালাটাত পানি আইসে না। কোনো জিনিস যদি পড়ি পড়ি নষ্ট হয়, সেইটা হামরা কাজে নাগাইছি, তাতে কী হইছে?’ এ ব্যাপারে পাউবোর সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুুর রাজ্জাক প্রথম আলোকে জানান, এ নিয়ে পাউবোর কোনো অবহেলা নেই। যদি কেউ সেচনালা গুঁড়িয়ে দিয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেচনালাটি উদ্ধার করা হবে বলে জানান তিনি।