সৈয়দপুরে পাটকলে ভয়াবহ আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে রপ্তানিমুখী একটি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে শহরের শহীদ তুলসীরাম সড়কে অবস্থিত ব্রাইট ফাইবার নামের কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে। পাটকলটির সুপারভাইজার আবু সাঈদ জানান, কারখানার চারটি গুদামে প্রায় ৪০ হাজার মণ পাট মজুদ ছিল। এসব দিয়ে তৈরি হচ্ছিল পাটের বেল (গাঁট)। কারখানার একটি প্রেসে গতকাল বিকেলে ওই বেল তৈরির কাজ হচ্ছিল। হঠাৎ প্রেসটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন সব গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামগুলোর সব পাট পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাটের গুদামে আগুন জ্বলতে থাকায় গোটা শহরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, রংপুর ও দিনাজপুর থেকে অগ্নিনির্বাপক দলের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) উজ্জ্বল কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ সদস্যও তাদের সহায়তায় যোগ দেন। পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খান অগ্নিনির্বাপক দলের কর্মীরা। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। সৈয়দপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ওয়াদুদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।