সৈয়দপুরে পানির জন্য হাহাকার
পবিত্র রমজানে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাঁশবাড়ী ও নতুন বাবুপাড়া মহল্লার ৫০০ গ্রাহক পানির জন্য হাহাকার করছেন। ১৫ দিন ধরে পানি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন ওই এলাকার বাসিন্দারা।
কর্তৃপক্ষের দাবি, বাঁশবাড়ী মহল্লার পাম্পটি বিকল হওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অন্যান্য পাম্পেও পানি স্বাভাবিকভাবে উঠছে না।
শহরের নতুন বাবুপাড়া মহল্লার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, ৫ জুলাই থেকে কলে পানি আসছে না। আগে দিনে তিন বেলা অর্থাৎ সকাল সাতটা থেকে সাড়ে আটটা, দুপুর ১২টা থেকে দেড়টা ও বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত পানি সরবরাহ করা হতো। এখন একবারও পানি পাওয়া যাচ্ছে না। এতে করে সুপেয় পানির অভাবে হাহাকার চলছে পৌর এলাকায়।’ বাঁশবাড়ী এলাকার রেজাউল করিমও একই ধরনের অভিযোগ করেন।
পৌরসভা সূত্র জানায়, সৈয়দপুর শহরে ৩০ কিলোমিটার পানির সরবরাহ লাইন রয়েছে। চারটি পাম্প হাউসের মাধ্যমে ওই সংযোগ লাইনের বিপরীতে বাসাবাড়িতে পানি সরবরাহ করা হয়। পাম্পগুলো পুরাতন বাবুপাড়া, ফায়ার সার্ভিস, চাঁদনগর ও বাঁশবাড়ী মহল্লায় অবস্থিত। সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে সীমিত আকারে গ্রাহকদের পানির সংযোগ দেওয়া হয়েছে। গ্রাহকদের এ জন্য মাসে ৪০ থেকে ৬০ টাকা করে বিল পরিশোধ করতে হচ্ছে।
অপরদিকে সৈয়দপুর শহরের অধিকাংশ মহল্লা রেলওয়ে প্রশাসনের অধীনে হওয়ায় ওই মহল্লাগুলোতে রেলওয়ের নিজস্ব পানি সরবরাহব্যবস্থা রয়েছে। রেলওয়ে কলোনিগুলোতে পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার পানি শাখার একজন কর্মী জানান, বাঁশবাড়ী পাম্পটি প্রায় ১৫ দিন ধরে বিকল রয়েছে। এর যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা চলছে। কোথায় ত্রুটি রয়েছে তা খুঁজে পাচ্ছেন না প্রকৌশলীরা। আর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অন্যান্য পাম্পেও স্বাভাবিক চাপে পানি উঠছে না। এ নিয়ে সৈয়দপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী বরাবরে চিঠি দেওয়া হয়েছে।
পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম আলোকে বলেন, ‘পৌরসভা থেকে কোনো চিঠি পাইনি। বর্তমানে সৈয়দপুরে কোনো লোডশেডিংও নেই। তবে মাঝেমধ্যে বিদ্যুৎ-সংযোগ তদারকি ও রক্ষণাবেক্ষণকাজের জন্য কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।’
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাম্প মেরামতের চেষ্টা অব্যাহত আছে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, ‘পানির জন্য পৌরবাসী দুর্ভোগ পোহাচ্ছে, এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে।’