সৈয়দপুরে পুরোনো কাপড়ের দোকানে বাড়ছে ভিড়

নীলফামারীর সৈয়দপুরে শীতের তীব্রতা বেড়েছে। ভোরে ও রাতে কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। ফলে জবুথবু হয়ে পড়েছেন জনপদের মানুষ। শীতের কারণে সব শ্রেণির মানুষ ভিড় করছেন পুরোনো কাপড়ের দোকানে।
মাঝেমধ্যে দিনের বেলায় একটু রোদের ঝিলিক দেখা গেলেও ঠান্ডা কমছে না। শীত থেকে বাঁচতে অনেকেই লেপ-কাঁথা গায়ে জড়াচ্ছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শীত নিবারণে গরিব-ধনী সবাই ছুটছে পুরোনো গরম কাপড়ের দোকানে। আর এ পুরোনো গরম কাপড়ের দোকান বসছে সৈয়দপুর রেললাইনের ধার ঘেঁষে। এ ছাড়া পুরোনো কাপড়ের মোকাম হচ্ছে সৈয়দপুর রেলওয়ে বাজার ও রেলওয়ে কারখানা গেটবাজার। এসব দোকানে কম দামে বিদেশি পুরোনো গরম কাপড় মিলছে। দামে কিছুটা সস্তা হওয়ায় প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ ভিড় করছেন দোকানগুলোতে। এসব বাজারের দোকানে শিশু থেকে শুরু করে বয়স্ক লোকদেরও কাপড় পাওয়া যাচ্ছে। দাম হাতের নাগালে থাকায় ক্রেতার ভিড় থাকে অনেক বেশি। এসব দোকানে এর আগে ছুটে আসতেন অসহায় ও গরিব মানুষেরা। তবে এখন ধনী-গরিব সবাই ছুটছে দোকানগুলোতে।
শুধু ক্রেতাই নয়। এখানকার পুরোনো কাপড়ের পাইকাররা বাছাই ও গাইট কিনে নিয়ে যাচ্ছেন ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। ফলে এ ব্যবসার সঙ্গে সৈয়দপুরের অনেক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছেন। পুরোনো এসব গরম কাপড় কেউ পাইকারি আবার কেউ হাতে নিয়ে বিক্রি করছেন। গ্রামাঞ্চলে রিকশাভ্যান ও ব্যাগে করে ফেরি করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন।
পুরোনো কাপড়ের দোকানে কাপড় কিনতে আসা উপজেলার কামারপুকুরের অধীর চন্দ্র, বোতলাগাড়ীর সইজন বেওয়া, শহরের সাহেবপাড়ার ছমির ও সনু বলেন, সব ধরনের কাপড় এসব দোকানে পাওয়া যাচ্ছে। তবে এবারে দাম একটু বেশি বলে মনে হচ্ছে। কারণ ৫০ টাকার নিচে কোনো কাপড় পাওয়া যাচ্ছে না।
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, পুরোনো কাপড় না এলে অর্থশালীরা বিপদে না পড়লেও গরিব ও নিম্ন আয়ের মানুষেরা চরম বিপাকে পড়তেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম বলেন, শীতের তীব্রতা বাড়লেও এখনো সরকারি ও বেসরকারিভাবে শীতার্ত মানুষের মাঝে কাপড় বিতরণ শুরু হয়নি। চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।