সৈয়দপুরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় জেলা প্রশাসনের
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক জাকির হোসেন। উপজেলা পরিষদ হলরুমে গতকাল সোমবার এ সভা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন। সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য তুলে ধরেন নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান। আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিকা ইফফাত ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর নাহার ইসলাম।
মতবিনিময় সভায় দুই মেয়র প্রার্থীসহ ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পাঁচটি সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা সংশ্লিষ্ট এলাকার নির্বাচন-সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরে সমাধান চান। অনেক প্রার্থী অতীত অভিজ্ঞতা থেকে ভোটকেন্দ্রের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, প্রভাবশালীদের হুমকি ও টাকার খেলা বন্ধেরও দাবি জানান। মেয়রপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাখাওয়াৎ হোসেন খোকন ও ইসলামী আন্দোলনের নুরুল হুদা।
জেলা প্রশাসক বলেন, আসন্ন নির্বাচনে কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কোনোক্রমেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। কেউ প্রভাব বিস্তারের সুযোগ খুঁজলে অবশ্যই ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। ভোটকেন্দ্রে অস্ত্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকবে। স্ট্রাইকিং ফোর্সেরও টহল থাকবে।