সৈয়দপুরে বন্ধের উপক্রম রেলওয়ে হাসপাতাল

নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ে হাসপাতালটি চিকিৎসক, নার্সসহ নানা সংকটে জর্জরিত। এতে হাসপাতালটি যেকোনো সময় বন্ধ হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। হাসপাতালটিতে মাত্র একজন চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
রেলওয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৮৭০ সালে সৈয়দপুরে গড়ে ওঠে রেলওয়ে কারখানা। এ কারণে কারখানার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসাসুবিধার জন্য ৮২ শয্যার ওই হাসপাতালটি গড়ে ওঠে। অতীতে হাসপাতালের চিকিৎসাসেবার প্রচুর সুনাম ও খ্যাতি থাকলেও তা এখন নেই। বর্তমানে ওই হাসপাতালে সাতজনের স্থলে একজন সহকারী সার্জন কর্মরত আছেন। পাশের পার্বতীপুরে কর্মরত সহকারী বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (এডিএমও) শামীম আরা সপ্তাহে মাত্র তিন দিন ওই হাসপাতালে এসে বিভাগীয় চিকিৎসা কর্মকর্তার (ডিএমও) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। জ্যেষ্ঠ নার্সের ৭ জনের স্থলে ৩ জন, জুনিয়র নার্সের ৩ জনের স্থলে ১ জন, সিস্টার ইনচার্জ ৩ জনের স্থলে ১ জন, ওয়ার্ডবয় ১৪ জনের স্থলে ১২ জন, ফার্মাসিস্ট ৮ জনের মধ্যে ৪ জন, ক্লিনার ৫২ জনের স্থলে ২৬ জন কর্মরত রয়েছেন। স্টোরকিপারের একটি পদে, অফিস অ্যাসিস্ট্যান্ট একটি পদে, ইউডিএ একটি পদে, অফিস টাইপিস্ট একটি পদে, আয়ার ছয়টি পদে কোনো লোক নেই।
হাসপাতালের শূন্যপদে লোক নিয়োগ না করায় তেমন রোগী আসছেন না। প্রায় সময় হাসপাতালের বিছানাগুলো (বেড) ফাঁকা থাকে। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীসহ পরিবারের প্রায় ২০ হাজার লোকের চিকিৎসাসেবা প্রদানের জন্য হাসপাতালটি গড়ে উঠেছে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকায় সেবা পাচ্ছেন না রোগীরা।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, হাসপাতালের বাবুর্চিখানার অবস্থাও করুণ। দরজা-জানালা ভাঙা। আবার কোনো জায়গায় জানালাও নেই। দীর্ঘদিন ধরে হাসপাতালের মেরামত ও সংস্কার না করায় বিভিন্ন ওয়ার্ডের ছাদ ধসে পড়ছে।
চিকিৎসাধীন সাবিহা বেগম নামের এক রোগী গত বৃহস্পতিবার বলেন, হাসপাতালে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। এখানে চিকিৎসাসেবা নেই বললেই চলে। একই কথা বললেন অন্য রোগীরাও। সৈয়দপুর রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ রোবায়তুর রহমান বলেন, ২০১২ সালের ২২ জানুয়ারি তৎকালীন রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত কারখানা পরিদর্শনে এসে ঘোষণা দিয়েছিলেন, এই হাসপাতালকে মেডিকেল কলেজ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। উল্টো এখন এই হাসপাতালটি নানা সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
হাসপাতালের চলতি দায়িত্বে থাকা ডিএমও শামীম আরা বলেন, ‘আমাদের আন্তরিকতার অভাব নেই। তবে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকায় রোগীরা আসতে চান না।’ সমস্যা ও সংকট উত্তরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। হাসপাতালের একমাত্র চিকিৎসক আনিছুল হক বলেন, ‘রোগীদের একাই চিকিৎসা দিতে হচ্ছে। সভা ও অন্য কোনো কাজে বাইরে যাওয়ারও সুযোগ নেই। এখানে চিকিৎসক নিয়োগ দিলেও কেউ থাকতে চান না।’