সৈয়দপুরে বাসচাপায় স্কুলছাত্রী নিহত মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে দ্রুতগামী মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে সীমা পারভীন (৯) নামের এক স্কুলছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটায় শহরের অদূরে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলীবাজার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ লোকজন ও ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর-দিনাজপুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। সন্ধ্যা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের উল্লিখিত স্থানে বেলা আনুমানিক দুইটার দিকে চিকলীবাজারে রংপুর-দিনাজপুর মহাসড়ক অতিক্রম করছিল সীমা। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা খেয়া পরিবহনের একটি দ্রুতগামী মিনিবাস সীমাকে চাপা দিয়ে পালিয়ে যায়। নিহত সীমা রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত টিনওয়ালাপাড়ার শামসুল হক পাগলার মেয়ে এবং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। স্কুলছাত্রী নিহত হওয়ার পরপরই বিক্ষুব্ধ লোকজন ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকলীবাজারে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। মহাসড়কের ওপর গাছের বড় বড় গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টির কারণে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। পরে ওসি মো. মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয়।