সৈয়দপুরে বিদ্যালয়ের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি বিদ্যালয়ের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সৈয়দপুরের কামারপুকুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়কক্ষে গত বৃহস্পতিবার ওই আগুন লাগানোর চেষ্টা করে দুর্বৃত্তরা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রধান শিক্ষকের কার্যালয়কক্ষের পেছনের জানালার একটি কাচ ভেঙে কেরোসিন তেল মিশিয়ে খড়ের মধ্যে আগুন দিয়ে তা ভেতরে ছুড়ে মারে দুর্বৃত্তরা। অফিসকক্ষে পরীক্ষার অনেক খাতাপত্র ছাড়াও বিদ্যালয়ের জরুরি কাগজসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘এ বিদ্যালয়কে ধ্বংসের অপচেষ্টায় দীর্ঘ তিন মাস থেকে একটি চিহ্নিত চক্র উঠেপড়ে লেগেছে।’
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘কামারপুকুর বাজারের মুদি দোকানদার আতাউর রহমান বিদ্যালয়ের অফিসকক্ষে আগুন দিয়েছে মর্মে একটি জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে আতাউর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’