সৈয়দপুরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত
নীলফামারীর সৈয়দপুরে কারখানাসহ গৃহস্থালি কাজে ইলেকট্রনিকস পণ্যের ব্যবহার অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ট্রান্সফরমারকে অতিরিক্ত চাপ বহন করতে হচ্ছে। এতে ট্রান্সফরমার নষ্ট হচ্ছে। গত দুই মাসে ৬১টি ট্রান্সফরমার বদল করতে হয়েছে। এতে সৈয়দপুরে বিঘ্নিত হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।
সৈয়দপুর বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ এবং এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, স্থানীয় বিদ্যুৎ সরবরাহ দপ্তরের ১১টি ফিডারের আওতায় সৈয়দপুর অঞ্চলে ৩০০ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন রয়েছে। এসব বিতরণ লাইনের সিংহভাগই শহরাঞ্চলে বিস্তৃত। অতি পুরোনো এসব বিতরণ লাইনের মাধ্যমে প্রায় ৩২ হাজার বাণিজ্যিক ও আবাসিক গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। আবাসিক এলাকায় হালকা শিল্পকারখানা স্থাপন ও গৃহস্থালি কাজে দিন দিন ইলেকট্রনিকস পণ্যের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ায় গ্রাহকেরা বেশি বিদ্যুৎ ব্যবহার করছেন। বিশেষ করে পাড়া-মহল্লায় স্থাপিত ট্রান্সফরমারের ক্ষমতার চেয়ে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ অতিমাত্রায় বেড়ে গেছে। এয়ারকুলার, ওভেন, হিটার, রাইস কুকারসহ ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়ায় বিদ্যুতের ব্যবহার বাড়ছে। এ ছাড়া রয়েছে নন-স্ট্যান্ডার্ড সংযোগ, বিদ্যুৎ-সংযোগে ডুয়েল সোর্স ব্যবহার অন্যতম। এসব গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের চাপে ট্রান্সফরমার নষ্ট হচ্ছে। ফলে সৈয়দপুরে বিদ্যুতের লোডশেডিং না থাকলেও ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটছে।
গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ-সংযোগ দিতে বিতরণ লাইনের বিভিন্ন পয়েন্টে ১৬০টি ট্রান্সফরমার সচল রয়েছে। এসব ট্রান্সফরমার অতিরিক্ত চাপ নেওয়ার মতো সহনীয় ও ভারসাম্যপূর্ণ নয়। ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রান্সফরমার।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, স্থাপিত ট্রান্সফরমারের সিংহভাগই পুরোনো। এ কারণেও ট্রান্সফরমার নষ্ট হচ্ছে। এতে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহককে।
এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, পুরোনো বিতরণ লাইন ও দিন দিন অননুমোদিত লোডের পরিমাণ উচ্চহারে বেড়ে যাওয়ায় ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় এর ভুক্তভোগী হচ্ছেন গ্রাহকরাও। অবৈধ সংযোগে অটোরিকশার ব্যাটারির চার্জ ও গৃহস্থালি কাজে ব্যবহৃত ইলেকট্রনিকস পণ্য বড় বিপদ সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে ইতিমধ্যে অননুমোদিত লোড ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা করা হচ্ছে।