সৈয়দপুরে বৃষ্টিতে ভবনের ছাদ ধসে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে প্রবল বর্ষণের সময় জরাজীর্ণ ভবনের ছাদ ধসে পড়লে রওশন আরা (৪৫) নামের এক আটকে পড়া পাকিস্তানি নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের ৫ নম্বর বাঙালিপুর পাকিস্তানি ক্যাম্পে ঘটনাটি ঘটেছে। ওই দুর্ঘটনায় পরিবারের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, খুব ভোরে নিহত রওশন আরার রিকশাচালক স্বামী এমদাদুল হক প্রতিদিনের মতো কাজে বেরিয়ে পড়েন। এরপর সকাল সাড়ে ছয়টার দিকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এতে জরাজীর্ণ ওই ক্যাম্পের একটি ভবনের ছাদ ধসে পড়ে। ছাদচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রওশন আরা। একই ঘরে ঘুমিয়ে থাকা তাঁর সন্তান রাজু (১৫), লাইলী (১২) ও সাজু (১১) গুরুতর আহত হয়।