পদে পদে দুর্ঘটনার ঝুঁকি। তবু নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সড়কের ওপর শুঁটকি কেনাবেচা করছেন পাইকারেরা। ফলে এই সড়কে ঝুঁকি নিয়েই বাস চলাচল করছে।
বন্দর এলাকার বাসিন্দা সরকারি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, টার্মিনাল এলাকায় শুঁটকি ব্যবসায়ীদের বড় বড় মার্কেট রয়েছে। তবু ওই ব্যবসায়ীরা মার্কেটের পরিবর্তে সড়কের ওপরই বেচাকেনায় বেশি অভ্যস্ত। এতে টার্মিনালে যাতায়াতকারী যাত্রীদের হেঁটে চলাচল করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বলেন, অতীতে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বহু সড়ক দুর্ঘটনা ঘটেছে।
সৈয়দপুর থানার তথ্য অনুযায়ী, গত এক বছরে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও এর আশপাশে ১৩টি দুর্ঘটনা ঘটে। এতে আটজনের প্রাণহানি ঘটে। প্রাণহানির ঘটনায় টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ, মিছিল, প্রতিবাদ সভা হয়েছে। এলাকাবাসী দাবি করেছেন, সড়কের ওপর থেকে শুঁটকি মাছের বাজার সরিয়ে নিতে। বিষয়টি সওজকেও জানানো হয়েছে।
সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) শামসুল হক বলেন, উত্তরাঞ্চলের শিল্প-বাণিজ্যসমৃদ্ধ সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ২২টি পথে (রুট) বাস চলাচল করে। তবে টার্মিনাল এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। ওই এলাকায় বহু বাসযাত্রী চলাচল করে। দূরপাল্লা ও আঞ্চলিক সড়কের বাস চলাচল করায় এলাকাটি অনেক বেশি ব্যস্ত। তাই তা ঝামেলামুক্ত রাখা প্রয়োজন। কিন্তু শুঁটকি বন্দরের কারণে বাস টার্মিনাল এলাকা কখনোই ঝামেলামুক্ত করা যায়নি। তাই এলাকাটি নিরাপদ রাখতে পুলিশের ট্রাফিক বিভাগকে হিমশিম খেতে হচ্ছে।
নীলফামারী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর সিদ্দিক বলেন, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকাটি খুবই ব্যস্ততম। কাজেই সেখানে সড়কের ওপরে হাটবাজার গড়ে ওঠা কোনোভাবেই কাম্য নয়। শিগগিরই ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে।