সৈয়দপুরে ভবন নেই আছে লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২৯ বছরেও নীলফামারীর সৈয়দপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন গড়ে ওঠেনি। অথচ ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ৭২ জন। প্রতিবছর হাসপাতালের নামে অর্থ বরাদ্দও পাওয়া যাচ্ছে যথানিয়মে। কিন্তু ভবন আর শয্যা না থাকায় তা ব্যয় করা যাচ্ছে না। বরাদ্দ পাওয়া অর্থ ফেরত পাঠাতে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৮৪ সালে তৎকালীন সরকার পর্যায়ক্রমে দেশের সব থানাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় উপজেলায় উন্নীত করে। আর প্রতিটি উপজেলায় একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলে। সে অনুযায়ী নীলফামারীর সব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়। এর ব্যত্যয় ঘটে শুধু সৈয়দপুরে। সেখানে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়নি।
সূত্রটি জানায়, শ্রমিক-অধ্যুষিত ঘিঞ্জি এ শহরে একটি আউটডোর চিকিৎসাকেন্দ্র রয়েছে। এখানেই বসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা বহির্বিভাগের রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেন। তবে কোনো রোগীকে ভর্তি করতে পারেন না শয্যার অভাবে। দীর্ঘদিনেও নির্মাণ করা হয়নি সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ফলে শয্যারও ব্যবস্থা হয়নি।
সূত্রটি আরও জানায়, শুরুতেই উপজেলা পরিষদের পুরোনো ভবনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে তা আউটডোর চিকিৎসাকেন্দ্রে হস্তান্তর করা হয়। চিকিৎসাকেন্দ্রে প্রয়োজনীয় কক্ষ নেই। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের একটিমাত্র কক্ষে গাদাগাদি করে বসতে হচ্ছে। তবে সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য পৃথক একটি কক্ষ।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে আছেন সুলতান মাহমুদ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকলেও সরকারিভাবে ওষুধপথ্যের স্বাভাবিক বরাদ্দ পাওয়া যাচ্ছে। কিন্তু শয্যা না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে প্রতিবছরের বার্ষিক বরাদ্দের টাকা ফেরত পাঠানো হয় রাষ্ট্রীয় কোষাগারে। শয্যার অভাবে রোগী ভর্তি রেখে চিকিৎসা দিতে না পারায় ওই অর্থ ব্যয় করা সম্ভব হচ্ছে না। এতে উপজেলার মানুষও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সুলতান মাহমুদ আরও বলেন, শহর এলাকায় যেহেতু ১০০ শয্যার হাসপাতাল রয়েছে, তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি শহরের অদূরে হাজারীহাট অথবা কামারপুকুরে নির্মাণের দাবি উঠেছে। সম্ভাব্যতা যাচাইও হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে ওই কাজ বেশি দূর এগোয়নি।
এ নিয়ে স্থানীয় সাংসদ ও সংসদের বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট বাজারের কাছে স্থাপনের জন্য জমি ঠিক করা হয়েছে। শিগগিরই সেখানে হাসপাতালটি স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।