সৈয়দপুরে ভাইয়ে ভাইয়ে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে হচ্ছে ভাইয়ে ভাইয়ে লড়াই। গতকাল বৃহস্পতিবার দুই ভাই-ই নির্বাচন কর্মকর্তার কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তিনি ১৯৭৩ সালে ওই ওয়ার্ডের কমিশনার ছিলেন। তাঁর ছোট ভাই সরকার কবির উদ্দিনও ১৯৯৯ ও ২০০৪ সালে দুদফায় একই ওয়ার্ডের কমিশনার হন। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত নির্বাচনে দুই ভাই ভোটযুদ্ধে নামলেও হেরে যান দুজনই। আসন্ন নির্বাচনে আবার তাঁরা কাউন্সিলর প্রার্থী হয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে বড় ভাই ইদ্রিস আলী বলেন, কবির উদ্দিন নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে না। তিনি যদি নির্বাচিত হন তবে এলাকার সড়কগুলোর উন্নয়নসহ মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলবেন।
ছোট ভাই সরকার মো. কবির উদ্দিন বলেন, তাঁর বড় ভাইকে জনগণ নির্বাচিত করলে এলাকায় মাদকের বিস্তার হবে। তিনি জয়ী হলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন।