সৈয়দপুরে ভয়াবহ আগুন, ১৫০ দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর শহরের মনিহা​িরপট্টিতে আগুনে দোকানপাট পুড়ে যায়। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
নীলফামারীর সৈয়দপুর শহরের মনিহা​িরপট্টিতে আগুনে দোকানপাট পুড়ে যায়। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

এক দিনের ব্যবধানে আবারও নীলফামারীর সৈয়দপুর শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতের এ আগুনে দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। এতে ৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
মনিহারিপট্টির এ আগুনের ঘটনাকে নাশকতা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এর আগের রাতে ৫০ গজ দূরে পৌর ক্লথ মার্কেটে অগ্নিকাণ্ডে ৫০টি দোকান ভস্মীভূত হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী খালেদ নিয়াজী জানান, রাত তিনটার দিকে আগুন দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। আগুন মুহূর্তের মধ্যে আধা পাকা ও বহুতল ভবনে ছড়িয়ে পড়ে। এতে মনিহারিপট্টি মার্কেটে মনিহারি, প্রসাধনী, মেলামিন, মসলাজাতীয় পণ্য, কাগজ ও ভোজ্যতেলের বহু দোকান পুড়ে যায়।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য জুবায়ের আলম বলেন, অগ্নিকাণ্ডে ইকবাল স্টোর, মোহন স্টোর, নেছার স্টোরসহ ১৫০টি দোকান পুড়ে গেছে। আগের রাতে পৌর ক্লথ মার্কেটের আগুন লাগার সঙ্গে এ ঘটনার মিল রয়েছে। দুটি ঘটনাই নাশকতা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানমালিক জানান, হরতাল-অবরোধে ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় তাঁরা দোকান খোলা রেখেছেন। বিরোধী দলের খামখেয়ালি কর্মসূচিতে ব্যবসায়ীরা বলির পাঁঠা হতে চান না। প্রতিহিংসা থেকে সৈয়দপুরকে অশান্ত করার চেষ্টা চলছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় অবশ্যই রাজনীতি রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী। তিনি বলেন, এটা অবশ্যই নাশকতা। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
অগ্নিকাণ্ডের পরপরই খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তাঁদের কাছে আগুন নেভানোর পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় বিষয়টি রংপুরের আঞ্চলিক কার্যালয়কে জানানো হয়।
ফায়ার সার্ভিসের রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, রংপুর, দিনাজপুর, নীলফামারী, বদরগঞ্জ, পার্বতীপুর, ডোমার ও জলঢাকার ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নেভাতে সহযোগিতা করেছে। এ ছাড়া সৈয়দপুর সেনানিবাস থেকে একটি ইউনিটও আগুন নেভাতে অংশ নেয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাওয়া হলে মোহাম্মদ আলী বলেন, বিষয়টি উদ্বেগের। তদন্ত ছাড়া কিছুই বলা সম্ভব নয়।
ঘটনাস্থল পরিদর্শন করে নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন প্রথম আলোকে জানান, সৈয়দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা দুটি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. লিয়াকত আলীকে।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।