সৈয়দপুরে মাংস ব্যবসায়ীরা ধর্মঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশু জবাইয়ের ওপর পৌরসভার বর্ধিত টোল কমানোর দাবিতে চার দিনের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন সৈয়দপুরের মাংস ব্যবসায়ীরা। বর্ধিত টোলের প্রতিবাদে আজ মঙ্গলবার শহরের পাঁচমাথা মোড়ে বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতি আয়োজিত এক মানববন্ধনে আজ থেকে চার দিনের ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।

সৈয়দপুর পৌরসভা এলাকার তিন শতাধিক মাংস ব্যবসায়ী দোকান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. হাসান কোরায়শী। বক্তব্য ​দেন সংগঠনের সহসভাপতি মো. কালাম, সাধারণ সম্পাদক মো. ইসলাম, যুগ্ম সম্পাদক মো. নাদিম ওরফে ছোটকা, দপ্তর সম্পাদক ওয়াসিম ও সদস্য নাদিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আশপাশের জেলাগুলোর পৌরসভায় পশু জবাইয়ের টোল এখনো গরুপ্রতি ২০ টাকা ও ছাগলপ্রতি ১০ টাকা হারে আদায় করা হচ্ছে। অথচ সৈয়দপুর পৌরসভা গত আগস্ট মাসে হঠাৎ করে প্রতিটি গরু জবাইয়ে ১০০ টাকা ও ছাগল ৫০ টাকা হারে টোল নির্ধারণ করেছে। এর আগে এ পৌরসভায় গরু জবাই বাবদ ১৫ টাকা ও ছাগলে পাঁচ টাকা হারে টোল নেওয়া হতো। বক্তারা বলেন, টোল বাড়ানোর ফলে বিপাকে পড়েছেন মাংস ব্যবসায়ীরা। এ নিয়ে মাংস ব্যবসায়ীরা একাধিকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও কোনো সুরাহা পাননি। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তাঁরা।
এ নিয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান, প্রথম শ্রেণি পৌরসভা হিসেবে গেজেট অনুযায়ী ওই টোল নির্ধারণ হয়েছে। মাংস ব্যবসায়ীদের এ আন্দোলন যুক্তিহীন।