সৈয়দপুরে মিড ডে মিল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মো. জাকীর হোসেন ওই কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুছা জঙ্গী।
প্রধান অতিথির বক্তব্যে ডিসি মো. জাকীর হোসেন বলেন, বর্তমান সরকার উপবৃত্তি, বিনা খরচে লেখাপড়া ও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া গরিব শিক্ষার্থী ঝরে পড়া রোধ, উপস্থিতি বাড়ানো ও পুষ্টিহীনতা দূর করতে প্রাথমিক স্কুল পর্যায়ে দুপুরের খাবার বিতরণের পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি এ ধরনের মিড ডে মিল কর্মসূচি অব্যাহত রাখতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল না থেকে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ চন্দ্র বণিক। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, বোতলাগাড়ীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।