সৈয়দপুরে যুবকের ওপর চা ঢেলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মো. এজাজ (৩০) নামের এক যুবকের মাথায় গরম চা ঢেলে দেওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দোকানের মালিক সাইনুল, তাঁর দুই ছেলে এরশাদ ও শমশের।
ওই যুবকের পরিবার ও সৈয়দপুর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, শহরের স্বর্ণকার পট্টির স্বর্ণকার এজাজ কাজের ফাঁকে চা পান করতে গত রোববার সাইনুলের চায়ের দোকানে যান। সেখানে চা পান করার সময় চায়ের কাপে ময়লা দেখতে পেয়ে সাইনুলকে বিষয়টি জানান এজাজ। দোকানের বদনাম করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মালিকসহ তাঁর ছেলে নওশাদ, এরশাদ, শমশের ও শামসু। তাঁরা এজাজকে শারীরিকভাবে নির্যাতন করার একপর্যায়ে তাঁর মাথায় কেটলি ভর্তি গরম চা ঢেলে দেন। এতে এজাজের শরীর পুড়ে যায়। স্থানীয় লোকজন এজাজকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
পরে এ ঘটনায় এজাজের ভাই মেরাজ বাদী হয়ে ওই দিন (রোববার) থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে গতকাল তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার হওয়ার পর ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।