সৈয়দপুরে যৌন হয়রানির দায়ে তরুণের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গার্মেন্টস কর্মীকে যৌন হয়রানির অপরাধে এক তরুণকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত গত রোববার রাতে তাঁকে ওই সাজা দেন। গতকাল সোমবার দণ্ডপ্রাপ্ত মিলন চন্দ্র রায় (২৫) নামে ওই তরুণকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
থানায় দেওয়া অভিযোগে জানা গেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মিলন ও ওই তরুণী নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। সেখানে আসা-যাওয়ার পথে মিলন প্রায়ই ওই তরুণীকে উত্ত্যক্ত করতেন। তিনি বিষয়টি একাধিকবার মিলনের পরিবারকে জানিয়েও কোনো ফল পাননি।
রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ওই তরুণী প্রতিদিনের মতো বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হয়ে ঢেলাপীর বাজারের কাছে পৌঁছান। এ সময় সেখানে মিলন তাঁর পথরোধ করে যৌন হয়রানির চেষ্টা চালান। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দেন।