সৈয়দপুরে রেললাইনের পাশে আবার বসেছে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীত আসার আগেই সৈয়দপুর শহরের রেললাইনের উভয় পাশে গড়ে উঠছে অবৈধ দোকানপাট। ছবিটি গতকাল শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে তোলা l প্রথম আলো
শীত আসার আগেই সৈয়দপুর শহরের রেললাইনের উভয় পাশে গড়ে উঠছে অবৈধ দোকানপাট। ছবিটি গতকাল শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে তোলা l প্রথম আলো

শীত আসার আগেই নীলফামারীর সৈয়দপুরে আবার দখল হতে শুরু করেছে রেললাইন। লাইনের উভয় পাশ দখল করে সেখানে বসানো হচ্ছে পুরোনো গরম কাপড়ের বাজার। এর আগে রেলপথমন্ত্রী মুজিবুল হক সৈয়দপুরে এলে ওই বাজার উচ্ছেদ করা হয়েছিল।
রেলওয়ে সূত্র জানায়, রেলপথমন্ত্রী ও সংসদীয় প্রতিনিধি দলের সৈয়দপুর আগমনকে ঘিরে গত ২৯ সেপ্টেম্বর রেললাইনের উভয় পাশে চালানো হয় ব্যাপক অভিযান। কিন্তু পরের দিন থেকে আবারও দখল হয়ে যায় ওই রেললাইন এলাকা। সৈয়দপুর স্টেশন থেকে প্রতিদিন ১৪ জোড়া ট্রেন আসা-যাওয়া করে। এ ছাড়া এখানে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা থাকায় প্রতিদিন রেলওয়ের অসংখ্য বগি আসছে মেরামতের জন্য। আবার চলে যাচ্ছে মেরামত হয়ে। ফলে শহরের অভ্যন্তর দিয়ে যাওয়া রেললাইনটি অধিকাংশ সময় ব্যস্ত থাকে। অথচ এর ওপর বসছে বাজার।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর রেলস্টেশনের ১০০ গজের মধ্যে অবস্থিত ২ নম্বর রেলগেট এলাকা থেকে প্রায় এক কিলোমিটারজুড়ে দখলের প্রক্রিয়া চলছে। বর্তমানে সীমিত আকারে রেললাইন ঘিরে পুরোনো কাপড়ের অস্থায়ী পসরা সাজিয়ে বসেছেন হকারেরা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এর আয়তন বাড়বে বলে জানান ওই অস্থায়ী বাজারের কয়েকজন ব্যবসায়ী। এখানকার ব্যবসায়ী মো. ভলু বলেন, ‘জায়গা নেই। তাই বাধ্য হয়ে রেলপথে দোকান নিয়ে বসেছি। আমাদের সরিয়ে দেওয়া হলে না খেয়ে থাকতে হবে।’
একইভাবে সংশ্লিষ্ট এলাকার রেললাইনের উভয় পাশে বসছে হোটেল ও লোহালক্কড়ের কারখানা, স্বর্ণালংকারের দোকান, কামারশালা ইত্যাদি। এতে ট্রেনচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানায় রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ।
রেলের লোকোমাস্টার (ট্রেনচালক) মকবুল হোসেন বলেন, লাইনের পাশে অবৈধ স্থাপনা ও দোকানপাট বসায় ট্রেনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দিন দিন। চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জরুরি হয়ে পড়েছে।
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী বলেন, শহরের কয়েকটি পয়েন্টে পুরোনো কাপড়ের বাজার বসে। মৌসুমি ব্যবসা হিসেবে এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে অনেক মানুষ। ক্রেতাসমাগমও ঘটে ব্যাপক। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবসার পরিসর বাড়বে। বছরের পর বছর ধরে এ অবস্থা চলে আসছে সৈয়দপুরে। রেলচলাচল স্বাভাবিক রাখতে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া উচিত।
সৈয়দপুর রেলওয়ের স্টেশনমাস্টার আবুল কাসেম বলেন, কোনোভাবেই রেলপথের উভয় পাশের ২০ ফুট এলাকায় অবৈধ দোকানপাট ও জনসাধারণের চলাচল আইনসিদ্ধ নয়। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনো বিধি-নিষেধই মানছেন না।
এ ব্যাপারে কথা হয় সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমানের সঙ্গে। তিনি বলেন, দফায় দফায় উচ্ছেদ অভিযান চলছে। কিন্তু আবার ওই এলাকায় গড়ে উঠছে দোকানপাট। এসব দোকানপাট স্থায়ীভাবে বন্ধ করতে আবারও অভিযান চলবে।