সৈয়দপুরে রেললাইনের ৪০টি পাত চুরি!
নীলফামারীর সৈয়দপুর রেলপথ বিভাগের ইয়ার্ড থেকে রেললাইনের ৪০টি পাত চুরি গেছে। ঈদের ছুটির সুযোগে সংঘবদ্ধ লোহা চোর চক্রের সদস্যরা রেলের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে কয়েক লাখ টাকার রেলের পাত চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাসিবুর রহমান চৌধুরী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে ইয়ার্ডের নৈশপ্রহরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ থেকে ২২ নভেম্বরের মধ্যে সৈয়দপুর রেলপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী-পথ (এসএসএই) মকবুল হোসেনের যোগসাজসে তাঁর কার্যালয়ের ইয়ার্ড থেকে রেলের পাতগুলো সরানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, এসব রেললাইনের দৈর্ঘ্য ৩৬ ফুট এবং বিদেশ থেকে আমদানি করা প্রতিটির মূল্য এক লাখ টাকা। সে অনুযায়ী ৪০টি রেললাইনের পাতের দাম ৪০ লাখ টাকা। সাবেক ছাত্রনেতা হাসিবুর রহমান অভিযোগ করেন, ১৯ নভেম্বর ভোর পাঁচটার দিকে তিনি ও তাঁর বন্ধু মোতালেব হোসেন শহরের বাইপাস সড়কের মিস্ত্রিপাড়া এলাকায় প্রাতর্ভ্রমণে বের হন। এ সময় লোকজনের জটলা দেখে এগিয়ে যান তাঁরা। কাছে গিয়ে দেখেন, সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বালতি জাভেদ ও জামিল হোসেন চারটি রিকশা-ভ্যানে করে রেলের পাতগুলো পাচার করছেন। এতে বাধা দিলে জাভেদ তাঁদের হুঁশিয়ার করে বলেন, ‘এসব লোহা এসএসএই মকবুলের কাছ থেকে কিনে আনা। কাজেই বাধা দিয়ে লাভ নেই।’ হাসিবুর রহমান জানান, বিষয়টি তাঁরা লিখিতভাবে ২৫ নভেম্বর রেলপথ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন। অভিযোগটি ভিত্তিহীন দাবি করে এসএসএই মকবুল হোসেন বলেন, ‘আমি চুরির সঙ্গে জড়িত নই। ইয়ার্ড থেকে রেলের কোনো পাত চুরি যায়নি।’ রেলপথ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান প্রথম আলোকে জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত হয়েছে। ইয়ার্ডের নৈশপ্রহরী আজগরকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বদলি করা হয়েছে। তিনি বলেন, ‘এসএসএই মকবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি আমাকে জানান, পাতগুলো অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে তা জানাতে পারেননি। এমনকি তিনি স্টকও মিলিয়ে দেখাননি।’ একই অভিযোগে নৈশপ্রহরীকে শাস্তি দেওয়া হলেও এসএসএই মকবুল হোসেন বহাল তবিয়তে আছেন কীভাবে—এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, ‘লাখ লাখ রেলের পাত আছে এখানে। গুনে দেখা সম্ভব নয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছি। নির্দেশ পেলে অধিকতর তদন্ত হবে।’