সৈয়দপুরে সংস্কৃতিমন্ত্রীর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে নির্মাণাধীন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার তিনি ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পথ প্রশস্ত করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ শিক্ষার বিকল্প নেই। ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশে অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। সৈয়দপুরের এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি উত্তরাঞ্চলে শিক্ষা প্রসারে বিশেষ গুরুত্ব রাখবে।
সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজী এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রীকে স্বাগত জানান সৈয়দপুর সেনানিবাসের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমএ) সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কবির-উজ-জামান। সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈয়দপুর সেনানিবাসের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেন্টার অ্যান্ড স্কুল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ওই বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।