সৈয়দপুরে সাবেক পৌর চেয়ারম্যানের ওপর হামলা
সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ইজহার আহমেদের ওপর হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রেলওয়ে স্টেডিয়ামের সামনে একদল যুবক ওই হামলা চালায়। এ ঘটনার সমর্থনে সৈয়দপুর যুবলীগ ও ছাত্রলীগ রাতে শহরে মিছিল করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইজহার আহমেদ ও তাঁর স্ত্রী ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষক তৌসিকা খাতুন বিদ্যালয় থেকে বের হয়ে রিকশাযোগে নিজ বাড়ি বাঁশবাড়ী মহল্লার দিকে যাচ্ছিলেন। পথে রেলওয়ে স্টেডিয়ামের সামনে আগে থেকে অবস্থান নেওয়া ২০-২৫ জন যুবক ‘রাজাকারের বাচ্চা’, ‘যুদ্ধাপরাধীর বাচ্চা’ ইত্যাদি বলে চিত্কার দিতে দিতে ইজহারের ওপর চড়াও হয়। তারা ইজহারকে কিল-ঘুষি মারতে মারতে রিকশা থেকে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। ইজহার আহমেদ জানান, যুবকেরা আমার ওপর অতর্কিতে হামলা চালায়। কাউকে চিনতে পেরেছেন কি না, জানতে চাইলে তিনি নিরুত্তর থাকেন। তবে এ ঘটনায় মামলা করবেন বলে তিনি জানান। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাতে সৈয়দপুর যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে ‘রাজাকার যদি বাঁচতে চাও, পাকিস্তানে চলে যাও’, ইত্যাদি স্লোগান দেওয়া হয়।