সৈয়দপুরে সিঙ্গিপুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুরে প্রাচীন সিঙ্গিপুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ‘আমরা সৈয়দপুরবাসী’ ব্যানারে এলাকার মানুষ গতকাল বুধবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করে। মানববন্ধন চলে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী।মানববন্ধনে সৈয়দপুরে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ আলিম উদ্দিন, ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রুহুল আলম মাস্টার, জাতীয় যুব সংহতির উপজেলা শাখার আহ্বায়ক রওশন মাহানামা প্রমুখ।বক্তারা বলেন, শহরের নতুন বাবুপাড়া মহল্লায় অবস্থিত সিঙ্গিপুকুর হচ্ছে এলাকার ঐতিহ্য। এর মালিক পক্ষ জলাধার আইন লঙ্ঘন করে তা ভরাট করছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহবুবকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।সিঙ্গিপুকুরের মালিক পক্ষের একজন মো. আতাহার আলী জানান, পুকুরটির একাধিক অংশীদার রয়েছে। তাঁদের কেউ কেউ পারিবারিক প্রয়োজনে নিজেদের অংশ বিক্রি করে দিয়েছেন। তিনি বলেন, ‘ব্যক্তিমালিকানার পুকুর ভরাট বন্ধ করা কী জলাধার আইনের লঙ্ঘন? কাজেই এ নিয়ে কোনো আন্দোলন অযৌক্তিক।’