নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল সোমবার সামনে যাওয়ার জায়গা (সাইড) না দেওয়ায় সেনাসদস্যরা এক বাসচালক ও তাঁর সহকারীকে মারধর করেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ পরিবহন শ্রমিকেরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন। প্রত্যক্ষদর্শী ও পরিবহন শ্রমিকেরা বলেন, গতকাল বিকেল পৌনে ছয়টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশে ভাই ভাই পরিবহনের একটি বাস ছেড়ে যায়। কিছুদূর যাওয়ার পর বাসটি সৈয়দপুর-পার্বতীপুর সড়কে রিকশার জটলায় পড়ে। এ সময় বাসটির পেছনে আটকা পড়ে রংপুর থেকে আসা সেনাবাহিনীর দুটি জিপ। ওই গাড়ির যাত্রী সেনাসদস্যরা সাইড দিতে বারবার সংকেত দেন। একপর্যায়ে ক্ষুব্ধ সেনাসদস্যরা জিপ থেকে নেমে বাসচালক মো. আনিস (৩২) ও তাঁর সহকারী মো. নাসিরকে (২২) মারধর করেন।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থান নেওয়া বাসগুলো মহাসড়কে যত্রতত্র দাঁড় করিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সৈয়দপুর-রংপুর, সৈয়দপুর-দিনাজপুর, সৈয়দপুর-পার্বতীপুর, সৈয়দপুর-নীলফামারী সড়কের ২৭টি পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে সৈয়দপুর সেনানিবাস থেকে সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা নীলফামারী জেলা মোটর মালিক সমিতির স্থানীয় কার্যালয়ে পরিবহন শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে সৈয়দপুর সেনানিবাসের ২৭ বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার মেজর মোহাম্মদ আলী ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে সেনা আইনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত আটটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।