সৈয়দপুরে স্ত্রীর মামলায় আইনজীবী কারাগারে
নীলফামারীর সৈয়দপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর দায়ের করা মামলায় নীলফামারী জজ আদালতের আইনজীবী এস এম রাসেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মামলায় আইনজীবীর বাবা ছাদেকুল ইসলাম ও আইনজীবীর দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকাকেও গ্রেপ্তার করা হয়।
নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক আদালতে গতকাল বৃহস্পতিবার বিকেলে আসামিদের হাজির করা হলে তাঁরা জামিন আবেদন জানান। বিচারক জাহাঙ্গীর আলম আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান। গত বুধবার রাতে আইনজীবীর প্রথম স্ত্রী সানজিদা আক্তার সৈয়দপুর থানায় যৌতুক দাবি, নির্যাতন ও তাঁর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করায় ওই মামলা করেন। পরে শহরের জসিম বাজার এলাকার বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া গ্রামের মৃত এস এম সিরাজুল ইসলামের মেয়ে সানজিদার সঙ্গে ১১ বছর আগে আইনজীবী এস এম রাসেলের বিয়ে হয়। বিয়ের সময় আইনজীবীর বাবা ছাদেকুল ২০ লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন। ওই দাবি সম্পূর্ণ পূরণ করতে না পারায় বিভিন্ন সময়ে সানজিদার ওপর নানাভাবে নির্যাতন চালাতেন স্বামীসহ তাঁর পরিবারের লোকজন। সম্প্রতি রাসেল স্ত্রী সানজিদাকে না জানিয়ে আয়েশা সিদ্দিকা নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীর ওপর নির্যাতন বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর সানজিদাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করেন। এ ঘটনায় এলাকাবাসী গত বুধবার দুই পরিবারের লোকজন নিয়ে বৈঠকে বসলে এলাকাবাসীর উপস্থিতিতেই সানজিদাকে আবারও মারধর করেন স্বামী, শ্বশুর ও স্বামীর দ্বিতীয় স্ত্রীর পরিবারের লোকজন।
মামলার বাদী সানজিদা আক্তার বলেন, ‘আমার বাবার পক্ষে যৌতুকের ২০ লাখ টাকা দেওয়া সম্ভব ছিল না। এরপরও বিয়েতে ১২ ভরি স্বর্ণ, নগদ কিছু অর্থসহ সর্বসাকল্যে ৬ লাখ টাকা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আরও ৭ লাখ টাকা দেওয়া হয় রাসেলকে। ওই টাকায় কেনা জমিতেই বর্তমানে বাড়ি করে আমরা বসবাস করে আসছি। এরপরও দ্বিতীয় বিয়ে করে যৌতুকের দাবিতে আমার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানোয় মামলা করি।’
এলাকাবাসী বলেন, সানজিদার ওপর প্রায়ই নির্যাতন চালাতেন তাঁর স্বামীসহ পরিবারের লোকজন। কেউ প্রতিবাদ করলেই তাঁকে মামলার ভয় দেখাতেন ওই আইনজীবী।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে তাঁদের আদালতে হাজির করা হয়। আসামিরা আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।