সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস আজ
নীলফামারীর সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস আজ ১২ এপ্রিল। দিবসটি পালনে প্রজন্ম ’৭১-এর উদ্যোগে উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
১৯৭১ সালের বিভিন্ন সময় তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ডা. জিকরুল হক, তুলসীরাম আগরওয়ালা, ডা. সামছুল হক, ডা. বদিউজ্জামান, ডা. ইয়াকুব আলী, রেলওয়ে কর্মকর্তা আয়েজ উদ্দিন, যমুনা প্রসাদ কেডিয়া, রামেশ্বরলাল আগরওয়ালা, নারায়ণ প্রসাদ প্রমুখকে ধরে সৈয়দপুর সেনানিবাসে হাত-পা বেঁধে রাখা হয়। এরপর ১২ এপ্রিল রংপুর সেনানিবাসের উত্তর পাশে নিসবেতগঞ্জ বধ্যভূমিতে চোখ বেঁধে তাঁদের গুলি করে হত্যা করা হয়।
সারা দেশে পাকিস্তানি বাহিনীর অতর্কিত আক্রমণের বিরুদ্ধে ২৫ মার্চ কালরাতে লড়াই শুরু হলেও সৈয়দপুরে মুক্তিযুদ্ধ শুরু হয় ২৪ মার্চ। সৈয়দপুর উপজেলা সদরকে ‘নিউ বিহার’ হিসেবে ঘোষণা দেয় অবাঙালিরা। অবাঙালি অধ্যুষিত সৈয়দপুরে সেনানিবাস থাকায় পাকিস্তানি সেনাদের সঙ্গে অবাঙালিদের সুসম্পর্ক গড়ে ওঠে। তাদের সহায়তায় একশ্রেণির অবাঙালি সৈয়দপুর শহর ছাড়াও অন্যান্য এলাকায় লুটতরাজ ও হত্যাযজ্ঞ চালায়। এর স্মৃতিচিহ্ন সৈয়দপুরে এখনো বিদ্যমান।
৭ মার্চ ঢাকার রেসকোর্স মাঠে বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে সৈয়দপুরে ব্যাপক সাড়া পড়ে যায়। প্রাদেশিক পরিষদের সদস্য জিকরুল হকের নেতৃত্বে সৈয়দপুরে সব বাঙালি এক কাতারে শামিল হয়। ১৯৭১ সালের ১৩ জুন সৈয়দপুর শহরে সবচেয়ে বড় গণহত্যা হয়। এ দিন শহরের ৪৭৮ জন মাড়োয়ারি পরিবারের সদস্যকে ভারতে পৌঁছে দেওয়ার নামে ট্রেনে তোলা হয়। রেলওয়ে কারখানার উত্তর প্রান্তে সবাইকে নির্মমভাবে হত্যা করে তাঁদের সর্বস্ব লুটে নেওয়া হয়। শিশুদেরও নির্মমভাবে হত্যা করা হয়।