সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল রোববার স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে সৈয়দপুরে নিহত শহীদদের স্মরণে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে এবং স্মরণিকা পরিষদ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ব্যক্তিদের তালিকা প্রণয়ন ও তাঁদের যথাযথ মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে সংগঠনগুলো দিবসটি পালন করে।
সকাল সাড়ে সাতটায় শহীদ স্মৃতি অম্লান চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুধীজনসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী অংশ নেন।
পরে প্রজন্ম ’৭১-এর সৈয়দপুর শাখা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের নামের তালিকা প্রণয়নের দাবি জানিয়ে স্মৃতি অম্লান চত্বরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়ে। এ সময় সেখানে স্মৃতিচারণা অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন নীলফামারী-৪ আসনের সাংসদ শওকত চৌধুরী, সাবেক সাংসদ মো. আলিম উদ্দিন, শহীদ পরিবারের সন্তান বখতিয়ার কবির, প্রজন্ম ’৭১-এর সভাপতি মুজিবুল হক প্রমুখ। এতে সভাপতিত্ব করেন প্রজন্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখার সহসভাপতি এ এ এম মঞ্জুর হোসেন।