সৈয়দপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তার সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো ফল হয়নি। শেষমেশ এলাকাবাসী হাতে কোদাল তুলে নিয়েছেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করছেন নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার তিন কিলোমিটার কাঁচা রাস্তা।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কয়াগোলাহাটের ডাঙ্গাপাড়া মোড় থেকে জামবাগান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তার সংস্কারকাজ চলছে। রাস্তার পাশ থেকে মাটি কেটে এনে গর্ত ভরাট করা হচ্ছে। লাকার কমরেড মোস্তাকিমের নেতৃত্বে গত মঙ্গলবার সকালে মোজাম্মেল, শারাফাত, লাল্টু, আবদুর রাজ্জাক, শাহাবুদ্দিন, শহিদুল্লাহ, খতিবার, জহির খান, বুদারুসহ ১৫-২০ জন তরুণ স্বেচ্ছায় রাস্তায় নামেন। ইতিমধ্যে রাস্তাটির প্রায় এক কিলোমিটার পর্যন্ত খানাখন্দ ভরাট করা হয়ে গেছে।
জামবাগান এলাকার মোস্তাকিম বলেন, ‘আমরা পৌরসভার নাগরিক সেবা থেকে বঞ্চিত। ভোটের সময় মেয়র-কাউন্সিলর প্রার্থীরা সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর আর আমাদের দিকে ফিরেও তাকান না। দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা ভোগ করলেও তাঁদের দেখা মেলে না। তবে কাউন্সিলর শাহীন হোসেন সড়কটি সংস্কারে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা গতর খাটছি। পুরো রাস্তা সংস্কার করব।’
বুদারু হোসেন নামের একজন আক্ষেপ করে বলেন, রাস্তাটি পাকা করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না। রাস্তাটি পাকা করা হলে এলাকাবাসীর দুর্ভোগ কমত।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর শাহীন বলেন, ‘সৈয়দপুর শহরে প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ এই কাঁচা রাস্তাটি সংস্কার ও পাকাকরণের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। পৌর বাজেট না থাকলেও এলাকাবাসীর ও সাধারণ পথচারীর যাতায়াতের সুবিধার্থে প্রতিটি বর্ষা মৌসুমে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের লোহার গুঁড়া ও বাবরি দিয়ে সংস্কার করি।’
পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার বলেন, রাস্তাটি পাকা করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই এই রাস্তা পাকা করা হবে। স্বেচ্ছাশ্রমের এই সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। পৌরসভার আরও অনেক কাজ আমরা এভাবে এগিয়ে নিতে পারি।’