সৈয়দপুরে ২১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই
ভাষা আন্দোলনের ৬৫ বছরেও নীলফামারীর সৈয়দপুরের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে ওঠেনি শহীদ মিনার। এমনকি শহর এলাকাতেও নেই কেন্দ্রীয় শহীদ মিনার। উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ-মাদ্রাসা কিন্ডারগার্টেন মিলে ২৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৮টি প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। তবে কোনো মাদ্রাসায় শহীদ মিনার নেই।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। এর মধ্যে ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নয়টিতে, ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তিনটিতে ও ২৭টি কলেজের মধ্যে ছয়টি কলেজে শহীদ মিনার রয়েছে। তবে সৈয়দপুরের ১৬টি মাদ্রাসা ও ৮৭টি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে কোনো শহীদ মিনার নেই।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিবের সঙ্গে গত শনিবার কথা হয়। তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা প্রয়োজন। এ কাজে ম্যানেজিং কমিটি অগ্রণী ভূমিকা রাখতে পারে।
এদিকে সৈয়দপুর শহর এলাকা অবাঙালিদের আধিক্যের কারণে শহর এলাকায় বাংলার পাশাপাশি এখনো উর্দুতে মাইকিং করা হচ্ছে। তাই এখানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জোর দাবি উঠেছে। এখানে কেন্দ্রীয় শহীদ মিনার না থাকায় শহরের বাইরে সৈয়দপুর কলেজের শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।