সৈয়দপুরের চটের ব্যাগ ও কার্ড যাচ্ছে বিদেশে
>নারীদের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে শপিং ব্যাগ, টিফিন ক্যারিয়ার ব্যাগ, স্কুলব্যাগ, ট্রাভেল ব্যাগ, কাঁধে ঝোলানো ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, পার্টসসহ বিভিন্ন পাটজাত দ্রব্য
নীলফামারীর সৈয়দপুরে ‘সৈয়দপুর এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে নারীদের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে শপিং ব্যাগ, টিফিন ক্যারিয়ার ব্যাগ, স্কুলব্যাগ, ডলব্যাগ, ট্রাভেল ব্যাগ, লন্ড্রি ব্যাগ, কাঁধে ঝোলানো ব্যাগ, মহিলাদের ভ্যানিটি ব্যাগ, পার্টসসহ বিভিন্ন পাটজাত দ্রব্য। এসব পণ্য বিদেশে রপ্তানি করছেন প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তা ও শ্রমিকেরা। এতে বছরে প্রতিষ্ঠানটি প্রায় দুই কোটি টাকা আয় করছে।
সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার চিনি মসজিদ এলাকায় সৈয়দপুর এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি অবস্থিত। পিছিয়ে পড়া নারীদের নিয়ে ২০১৫ সালের ডিসেম্বরে এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
কয়েকজন নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে নারীরা এমসিসির অধীনে একটি প্রকল্পের মাধ্যমে চটের ব্যাগ ও কার্ড তৈরির কাজ শুরু করেন। ১৯৭৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ওই প্রতিষ্ঠানের শুধু শ্রমিক হিসেবে কাজ করে মজুরি পেতেন নারীরা। প্রকল্পটি বন্ধ হয়ে গেলে নারীরা বেকার হয়ে পড়েন। পরে ১৯৯১ সালে তাঁরা সবাই মিলে সঞ্চয়ের টাকায় গড়ে তোলেন সৈয়দপুর এন্টারপ্রাইজ নামের ওই সংস্থা। ১৬ শতক জমিতে ছয়তলার ভিত্তি দিয়ে চারতলার নির্মাণকাজ সম্পন্ন করা হয়। সেখানে প্রায় ১১০ জন নারী উদ্যোক্তা শ্রমিক ও ১৫ জন কর্মকর্তা নিরলসভাবে তৈরি করছেন চটের রকমারি ব্যাগ ও পাট দিয়ে হাতে বানানো কার্ড। প্রতিষ্ঠানটি এসব পণ্য আমেরিকা, যুক্তরাজ্য, জাপান, কানাডা, নিউজিল্যান্ড, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি করে প্রায় দুই কোটি টাকা আয় করছে। এখানে কাজ করে নারীরা সংসারে অভাব-অনটন দূর করে সচ্ছলতা এনেছেন।
ওই প্রতিষ্ঠানে কাজ করেন নাজমা বেগম (৪২)। তাঁর স্বামী শফি আলম নাপিতের কাজ করে সংসার চালাতেন। থাকেন গোলাহাটের অবাঙালি ক্যাম্পে। তিনি বলেন, আগে সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এখানে কাজ করার পর থেকে প্রতি মাসে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পেয়ে সংসার ভালোই চলছে। এই টাকায় বসতভিটায় পাকা বাড়ি নির্মাণ করেছেন।
শহরের নতুন বাবুপাড়ার সাদ্দাম মোড়ের বিলকিছ বানু (৪০) কাজ করেন এই ব্যাগ তৈরির কারখানায়। তাঁর স্বামী আবু তালেব মুয়াজ্জিনের কাজ করেন। তিনি বলেন, তাঁর সংসারে অভাব বলে বর্তমানে কিছু নেই। এখানে কাজ করে সংসারে সচ্ছলতা এসেছে। ছেলেমেয়েরা লেখাপড়া করছেন ও আয়ের টাকায় বসতভিটাও কিনেছেন তিনি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাটপণ্য প্রদর্শনী ২০১৬-এ অংশ নিয়ে ‘সৈয়দপুর এন্টারপ্রাইজ’ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক লাভ করে।
সৈয়দপুর এন্টারপ্রাইজের প্রতিষ্ঠার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন গিয়াসউদ্দিন (৫৫)। তিনি এই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আমাদের সব ক্রেতাই বিদেশি, সে কারণে তাদের ইচ্ছানুযায়ী চটের ব্যাগ ও কার্ড তৈরি করে সরবরাহ করে থাকি। এখানে যাঁরা কাজ করেন, সব নারীই উদ্যোক্তা ও শ্রমিক। ফলে কেউ কাজে ফাঁকি দেন না। পারিশ্রমিক ও লাভের অংশ ভাগ-বাঁটোয়ারার পর প্রতিবছর ৫০০ থেকে ৬০০ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে স্কুলের ইউনিফর্ম বিতরণ করা হয়।