নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় রেলগেটটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যস্ততম এলাকার ওই রেলগেটটি চার মাসে পাঁচবার ভেঙে পড়ে।
রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সৈয়দপুর শহরের ব্যস্ততম পাঁচমাথা মোড়ের ১২৫ নম্বর রেলগেটটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ওই রেলগেট দিয়ে দিনে কমপক্ষে ১৬টি ট্রেন চলাচল করে। ফলে গড়ে প্রতি দেড় ঘণ্টায় একবার গেটটি বন্ধের প্রয়োজন হয়।
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী এবং ওই এলাকার প্রবীণ ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, দিনের বেলায় শহরে ভারী যানবাহন চলে না। দূরপাল্লার বাস-ট্রাক চলাচল করে বাইপাস সড়ক হয়ে। কিন্তু রাত আটটার পর ওই রেলগেট অতিক্রম করে চলে ঢাকা, সিলেট, বরিশাল, চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস। এ ছাড়া ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, অটোরিকশা, ইজিবাইক তো চলেই। আর ওই এলাকায় পাঁচটি সড়ক থাকায় সারা দিন যানবাহন চলাচল করে।
পাঁচমাথা মোড়ের গেটকিপার (গেটরক্ষক) রকিবুল হাসান জানান, চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত ১২৫ নম্বর রেলগেটটি পাঁচবার নষ্ট হয়েছে। গেট বেরিয়ারের তার ছিঁড়ে রেলগেট ভেঙে পড়ছে। ওই ছেঁড়া তার দিয়ে গেটবেরিয়ারকে হ্যান্ডেলের মাধ্যমে ওঠানো-নামানো করা হয়। এ অবস্থায় ট্রেন এলে বাঁশি বাজিয়ে পথচারী ও যানবাহন থামাতে হয়। কিন্তু গেটবেরিয়ার না পড়লে মোটরসাইকেল, রিকশাসহ ছোট যানবাহন ও পথচারীরা বাধা মানে না। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঝিনাইদহের বারোবাজারে বরযাত্রীবাহী বাস রেলগেট অতিক্রমের সময় দুর্ঘটনায় পড়ে ব্যাপক প্রাণহানি ঘটে। এর পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের সব রেলগেট সচল রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা জারি করে। কিন্তু পাঁচমাথা মোড়ের ব্যস্ততম রেলগেটটি নিয়ে কেন অবহেলা করা হচ্ছে, তা আমার জানা নেই।’
সৈয়দপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আবুল কাশেম দাবি করেন, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করায় রেলগেটের হ্যান্ডেল, ব্রোকেন অয়্যার (তার) ও গেটবেরিয়ার বিকল হচ্ছে। ২৫ মে পাঁচমাথা মোড়ের গেটবেরিয়ার মেরামতের জন্য রেলপথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) তহিদুল ইসলামকে চিঠি দেওয়া হয়। এরপর ১০ জুন, ১০ জুলাই, ১১ আগস্ট ও ২৮ আগস্ট আবার রেলগেটটি ভেঙে পড়ে। একইভাবে পোস্ট অফিস মোড়ের ১২৬ নম্বর রেলগেটটিও অকেজো হচ্ছে। এ ব্যাপারে সর্বশেষ ১ সেপ্টেম্বর আরেকটি চিঠি দেওয়া হয়েছে।
পার্বতীপুর রেলপথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম বলেন, গেটকিপারের অদক্ষতায় পাঁচমাথা মোড় রেলগেটটি বারবার ভেঙে পড়ছে। ওই গেটে নিয়োজিত গেটকিপাররা কাজে ফাঁকি দেন বলেও তিনি অভিযোগ করেন। তবে গেট মেরামতে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের বিষয়টি তিনি অস্বীকার করেন।
সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার জানান, পাঁচমাথা মোড়ের রেলগেটটি নিয়ে সবাই চরমভাবে উদ্বিগ্ন। গেটটি স্থায়ী মেরামত ও সম্প্রসারণের জন্য আগস্ট মাসে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।