সোডা, কোডা, ইউডার পুনর্মিলনীতে আনন্দ-উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউডা, কোডা, সোডার পুনর্মিলনী অনুষ্ঠানে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অতিথিরা। আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন
ইউডা, কোডা, সোডার পুনর্মিলনী অনুষ্ঠানে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অতিথিরা। আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

বহু বছর পর প্রথমবারের মতো দেখা পেলেন স্কুলের বন্ধুর। আবেগে বুকে জড়িয়ে ধরে রাখলেন অনেকক্ষণ। কলেজের বন্ধুদের অনেক বছর পর কাছে পেয়ে দিনভর আড্ডায় মাতলেন অনেকে। বিশ্ববিদ্যালয় ছাড়ার কয়েক বছর পর একসঙ্গে বন্ধুদের পেয়ে কেউ খুলে দিলেন স্মৃতির ঝাঁপি।

কমপ্লিট এডুকেশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট (সিফাড) পরিচালিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একত্র হওয়ার এমন সুযোগ হলো আজ শুক্রবার পুনর্মিলনীতে। রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সিফাড আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান পরিণত হয় স্কুল অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (সোডা), কলেজ অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (কোডা), ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায়।
সকাল থেকেই আসতে শুরু করলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীদের উপস্থিতি বেড়েছে। অনেক দিন পর পাশাপাশি বসে গল্পে মশগুল হয়ে পড়েন অনেকে।
‘আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিকই’ সোডার খুদে শিক্ষার্থীদের উদ্বোধনী সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে ইউডার উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, প্রথাগত মুখস্থ পদ্ধতির বদলে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর বিকল্প পদ্ধতি দেশকে অগ্রসর করবে। সমাজ নৈতিকতার দিক থেকে বড় কাঙাল হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম সৃজনশীল, সৎ, নৈতিক জীবনের অধিকারী হলে এখন সমাজের বিভিন্ন পর্যায়ে যে বিশৃঙ্খলা তা থাকবে না।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সমাজ, রাষ্ট্র নানা খাতে অন্যায়-অবিচার, দুর্নীতি, বিশ্ববিদ্যালয়গুলোয় হানাহানি এগুলো মেনে নিতে পারি না। অনেক সমস্যা আছে তাও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক আয়, খেলা সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বই পড়া, গান শোনা, খেলা দেখা এগুলোর করতে হবে।
স্বাগত বক্তব্য দেন সিফাডের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুজিব খান। তিনি বলেন, ‘সিফাডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের অহেতুক বইয়ের চাপ না দিয়ে, নৈতিক শিক্ষায় শিক্ষাকে প্রাধান্য দেয়।’
অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ইউডার রেজিস্ট্রার ইফফাত চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিফাডের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাহিদ খান।
মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় স্মৃতিচারণ পর্ব। বিকেলে সোডা, কোডা ও ইউডার শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় ইউডার সংগীত বিভাগের শিক্ষার্থী ও ক্লোজআপ তারকাদের নিয়ে হয় গানের পর্ব। দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয় ব্যান্ডশিল্পী হাসানের পরিবেশনার মধ্য দিয়ে।