সোনা আটকের মামলার আসামি বিমানকর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১৪ জানুয়ারি ১৪ কেজি সোনা আটকের ঘটনায় করা মামলার আসামি বিমানকর্মী এমরানুল ইসলামকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
শুল্ক গোয়েন্দারা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল শাখার মেকানিক এমরানুলকে গ্রেপ্তারের পর মগবাজারে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আনা হয়।
১৪ জানুয়ারি যৌথ অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজের কার্গোহোল থেকে ১২০টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও ঢাকা কাস্টম হাউস। উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে সেদিন দুপুর ১২টায় ঢাকায় আসে। চার ঘণ্টা অভিযান চালিয়ে কার্গোহোলে কালো কাপড়ে মোড়ানো ওই ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দাদের ধারণা, বিমানের কর্মীদের সহায়তা ছাড়া এসব সোনা উড়োজাহাজের কার্গোহোলে রাখা সম্ভব নয়। উড়োজাহাজটি যখন ঢাকায় নামে, সে সময় বিমানবন্দরে ‘বি’ শিফটের কাজ চলছিল। বিমানটি হ্যাঙ্গারে নিয়ে সোনার চালান বিমানবন্দরের বাইরে পাচার করা হতো। শুল্ক কর্তৃপক্ষের অভিযানের বিষয়টি টের পেয়ে এমরানুল ও আরেক কর্মী ওসমান গনি গা ঢাকা দেন। ১৪ কেজি সোনা উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য বিমানের ‘বি’ শিফটের সব কর্মকর্তাকে হাজির করা হলেও এই দুজনকে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের আটক করতে ওই দিন গভীর রাত পর্যন্ত বিমানবন্দরে অভিযান চালানো হয়। কিন্তু দুই মাস ধরে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই সোনা উদ্ধারের ঘটনায় ১৫ জানুয়ারি এই দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, বিমানবন্দরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন এমরানুল। ওসমান গনিকে এখনো ধরা যায়নি। তিনি বলেন, ২ ফেব্রুয়ারি বিমানের রাঙা প্রভাত নামের উড়োজাহাজ থেকে ৬১ কেজি সোনা আটকের ঘটনায়ও এমরানুল সন্দেহভাজন আসামি। তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।