সোনা ও মুদ্রা উদ্ধার: মোহাম্মদ আলীর জামিন স্থগিত
রাজধানীর পল্টনের ফ্ল্যাট থেকে ৬১ কেজি সোনা ও পাঁচ বস্তা মুদ্রা উদ্ধারের ঘটনায় করা মামলায় এস কে মোহাম্মদ আলীর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ রোববার অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। সেই সঙ্গে বিষয়টি আগামী ২ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন আদালত।
এর আগে ১৩ অক্টোবর মোহাম্মদ আলীর জামিন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী। মোহাম্মদ আলীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
পরে মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, সোনা ও মুদ্রা উদ্ধারের ওই মামলায় মোহাম্মদ আলীকে দেওয়া জামিন স্থগিত করে ২ নভেম্বর বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি।
শুল্ক গোয়েন্দারা ২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুরানা পল্টনে মোহাম্মদ আলীর দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেন, যার মূল্যমান ৮ কোটি ৫৬ লাখ টাকা। সেখান থেকে ৬১ কেজি ৫০০ গ্রাম ওজনের ৫২৮টি সোনার বারও উদ্ধার করা হয়। ডিবি পুলিশের সহযোগিতায় এ অভিযানে গ্রেপ্তার হন মোহাম্মদ আলী (৬৫)। ওই ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজউদ্দিনও সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। আরেক আসামি মজিবুর রহমান এখনো কারাগারে।