সোনা চোরাচালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানের সঙ্গে বিমানের চেয়ারম্যানও জড়িত বলে জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার বক্তব্য দিয়েছেন কাজী ফিরোজ রশীদ। তিনি বিমানের চেয়ারম্যানকে ডেকে কৈফিয়ত তলবের জন্য বিমান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতি আহ্বান জানান। 
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, বিমানের একশ্রেণির কর্মকর্তার যোগসাজশে সোনা চোরাচালান হয়। এর পেছনে বিমানের চেয়ারম্যান জড়িত। তাঁর কথিত ধর্মপুত্র পলাশের দাপটে সমস্ত বিমানবন্দর তটস্থ থাকে। বিমানের সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি বলেন, বিমানের চেয়ারম্যান পদে জামাল উদ্দিন আহমেদ ছয় বছর ধরে দায়িত্ব পালন করছেন। অথচ এই সময়ে তিনজন মন্ত্রীর পরিবর্তন হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) কয়েকজন পরিবর্তন হয়েছে। পরিচালনা পর্ষদও পরিবর্তন হয়েছে। কিন্তু জামাল উদ্দিন বহাল তবিয়তে আছেন।
ফিরোজ রশীদ বলেন, কেন এ ধরনের ঘটনা একের পর এক ঘটছে। আজ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান কোনো বিবৃতি দেননি। তিনি বলেন, ‘বিমানমন্ত্রী বলেছেন, চাঞ্চল্যকর এই ঘটনার পরেও চেয়ারম্যান একবারের জন্য তাঁকে ফোন করেননি। এটা কি সুশাসনের লক্ষণ? চোরাকারবারের সঙ্গে যদি বিমানের কর্মকর্তা জড়িত থাকেন, তাহলে দেশটা কোথায়? আমরা কার কাছে বিচার চাইব? সরকার কেন মুষ্টিমেয় লোকের কাছে জিম্মি থাকবে? অপরাধী চক্রের সবাইকে আইনের আওতায় আনতে হবে। বিমানবালা পদে থাকা পলাশের স্ত্রীকেও গ্রেপ্তার করতে হবে।’
ফিরোজ রশীদ বলেন, ‘বিমানের নিরাপত্তা খুবই দুর্বল। নিরাপত্তা যদি দুর্বল হয় তবে আমরা আছি কোথায়? এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? ইতিমধ্যে এই সিন্ডিকেটের প্রধান ধরা পড়েছে। তার নাম প্রকাশ করেছে।’ তিনি আশা করেন, এ চক্রের সঙ্গে জড়িতদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে।
আলোচনায় অংশ নিয়ে সাংসদ হাজি মো. সেলিম বলেন, ‘কথায় বলে, শুঁটকির গুদামে বিড়াল চৌকিদার। আমাদের দশা হয়েছে তাই।’ তিনি বলেন, বিমানবন্দরে কোটি কোটি টাকার সোনা চোরাচালান হয়। এত দিন ধরা পড়ত চুনোপুঁটি। এবার রাঘববোয়াল ধরা পড়েছে। তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হাজি সেলিম বলেন, ‘বিশ্বের খারাপ বিমানবন্দরগুলোর মধ্যে শাহজালালের অবস্থান নবম। যাতে দ্রুত গতিতে খারাপদের মধ্যে এক নম্বরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সে জন্য বিমানবন্দরে সৎ কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে। শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যাবে না।’
আলোচনা শেষে স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, এ বিষয়ে কোনো ফৌজদারি মামলা হয়ে থাকলে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। মামলা না হয়ে থাকলে তিনি এ বিষয়ে বিমানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।