সোনা চোরাচালান মামলার তিন আসামি কারাগারে
সোনা চোরাচালানের অভিযোগে করা মামলায় নারায়ণ কর্মকার নামের এক সোনার কারিগরসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছেন। আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, চোরাচালান মামলার আসামি নারায়ণ কর্মকার, তাঁর বড় ভাই কৃষ্ণ কর্মকার ও দোকানের কর্মচারী সজল চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকারি কৌঁসুলি আরও বলেন, এ বছরের ১ জানুয়ারি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সোনার গয়না তৈরির দোকানের এক কর্মচারীর কাছ থেকে ২৮টি সোনার বার ছিনিয়ে নেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল হোসেনসহ ছয়জন। ওই রাতেই বিষয়টি পুলিশকে জানান গয়না তৈরির ওই দোকানের কারিগর নারায়ণ কর্মকার। এসব সোনার বার তিনি নিজের বলে দাবি করে কোতোয়ালি থানায় ডাকাতির মামলা করেন। এরপর ৩ জানুয়ারি রাতে এসআই আবুল হোসেনের (বর্তমানে সাময়িক বরখাস্ত) খুলশীর বাসা থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। কিন্তু সোনার বার আমদানির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নারায়ণ কর্মকার ও দোকানের কর্মচারী সজল চৌধুরীকে আটক করে পুলিশ। পরের দিন নারায়ণ কর্মকার, তাঁর বড় ভাই কৃষ্ণ কর্মকার ও সজল চৌধুরীর বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
গত ২৫ ফেব্রুয়ারি এ মামলায় এই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত অভিযোগপত্র আমলে নিয়েছেন। কৃষ্ণ কর্মকার ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গত মে মাসে জামিন পান বাকি দুজন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তিন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোনার বারগুলো বর্তমানে আদালতের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রয়েছে।