সোনা চোরাচালান মামলার সব আসামি খালাস
চুয়াডাঙ্গার বহুল আলোচিত সোনা চোরাচালান মামলার রায়ে ছয় আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।একই আদেশে সংশ্লিষ্ট সবাইকে জব্দ করা ১৭৩ ভরি স্বর্ণালংকার, ২৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা, প্রাইভেট কার ও একটি মুঠোফোন মালিককে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।রায়ে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট ও সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় তাদের বেকসুর খালাস দেওয়া হলো। আসামিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মো. শফি মিয়া, দামুড়হুদা উপজেলার মিরাজ হোসেন, দর্শনার মোবারকপাড়ার ফারুক হোসেন, মিলন মিয়া, মামুন মিয়া ও লিপ্টন।প্রাইভেট কার বৈধ মালিকের জিম্মায় রয়েছে। ২৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা, ১৭৩ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনের মালিক কাজী ইব্রাহিম উদ্দিন।আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২ এপ্রিল তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যরা চুয়াডাঙ্গা ৩৫ রাইফেলস ব্যাটলিয়ন সদর দপ্তরের ১ নম্বর আরপি গেটের সামনে থেকে সন্দেহভাজন একটি প্রাইভেট কার আটক করেন। এরপর তল্লাশি চালিয়ে ওই প্রাইভেট কারের বডির ভেতরে বিশেষভাবে রাখা ১৭৩ ভরি স্বর্ণালংকার ও ২৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন। এ ঘটনায় ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়।