সোনা চোরাচালান মামলায় দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই কোটি টাকা মূল্যের ছয় কেজি সোনা পাচারের মামলায় দুই ব্যক্তির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন আজ বৃহস্পতিবার এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন রাজন ওরফে সোহেল ও বাদশা শেখ।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৩ ডিসেম্বর ছয় কেজি সোনাসহ মালয়েশিয়ার দুই নাগরিক চেইন চিন চ্যাট এবং চ্যামকোক ওয়াইকে আটক করা হয়। ওই দিনই কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আহমেদ নেওয়াজ বিমানবন্দর থানায় ওই দুজনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। পরে ওই দুই নাগরিকের মোবাইলের কল লিস্ট যাচাই করে চোরাচালানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল ও বাদশাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. আবদুর রাজ্জাক আজ দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে এই মামলার অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। যা রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ-সংশ্লিষ্ট এবং তদন্তকাজে সহায়ক হবে। এই ঘটনার সঙ্গে বাংলাদেশে থাকা অপর সহযোগীদের গ্রেপ্তার, মালামাল উদ্ধার ও সংঘবদ্ধ চোরাচালান চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে এই আসামিদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা প্রয়োজন। এ জন্য তাদের ১০ দিন রিমান্ডে নেওয়া জরুরি।
শুনানি শেষে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া মালয়েশিয়ার ওই দুই নাগ​রিককে আবারও ১০ দিনের রিমান্ডে আবেদন করেছে পুলিশ। আগামী ১২ জানুয়ারি এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলাটি প্রথমে থানা-পুলিশ তদন্ত করছিল। কিন্তু গুরুত্ব বিবেচনায় মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রের মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এর আগে গত ২৪ ডিসেম্বর এই দুই মালয়েশিয়ান নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।