সোনা চোরাচালান মামলায় ভারতীয় নাগরিক রিমান্ডে
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে দুই কেজি সোনাসহ আটকের ঘটনায় করা মামলায় ভারতীয় নাগরিক মুকেশ কুমারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে এ আদেশ দেন।
বিমানবন্দর থানা-পুলিশ মুকেশ কুমারকে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, আসামি মুকেশ গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দুবাই থেকে ঢাকায় আসেন। তল্লাশি করে তাঁর কোমরের বেল্টের ভেতর থেকে ১৩টি সোনার বার উদ্ধার করে কাস্টম কর্তৃপক্ষ। একেকটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। এ ছাড়া মুকেশের বাঁ হাতে ছিল একটি সোনার বালা। বালাটির ওজন ৩৫০ গ্রাম। শুল্ক বিভাগকে ফাঁকি দিতে বালার ওপর রুপালি প্রলেপ দেওয়া ছিল। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়।