সোনা চোরাচালানের এক আসামিকে মুক্তির নির্দেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা চোরাচালান মামলায় বেআইনিভাবে আটক রাখা হয়েছে বলে এক আসামিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ আজ বৃহস্পতিবার ওই আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। গত বছরের ৩০ অক্টোবর দুবাই থেকে আসা সোহেল আহমেদকে আটক করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষ। এ সময় তাঁর কাছ থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। আসামি সোহেল আহমেদ শুল্ক কর্তৃপক্ষের কাছে যে ঘোষণা দেন, তাতে সোনার বিষয় গোপন করেন। পরে শুল্ক কর্তৃপক্ষ তাঁর দেহ ও ব্যাগেজ তল্লাশি করে সোনার বার উদ্ধার করে। এ ঘটনায় শুল্ক কর্মকর্তা এস এম আজিজুর রহমান বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। পরে আসামিপক্ষ নিম্ন আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
আসামি সোহেলের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৩ ফেব্রুয়ারি তাঁর মুক্তির আদেশ দেন।
আসামির কাছ থেকে উদ্ধার হওয়া ২৪টি সোনার বার ঘোষণা না দিয়ে আনার বিষয়ে রিট আবেদনকারীর আইনজীবী সাকিলা ফারজানা প্রথম আলোকে বলেন, এটা শুল্ক কর্তৃপক্ষের দাবি। কিন্তু আসামি সোহেল আহমেদ শুল্ক আইনের ১৩৯-এ ঘোষণা দিয়ে এনেছেন। শুল্ক দিতে অস্বীকার করেননি। তিনি দিতে চান। বিষয়গুলো বিবেচনা করে আদালত তাঁর আটকাদেশ থেকে মুক্তির আদেশ দিয়েছেন।
এ বিষয়ে পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান আসামিকে মুক্তিদানের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, আসামি সোহেল আহমেদ গ্রেপ্তার হওয়ার পর শুল্ক কর্মকর্তা নাজমা জ্যাবিনের সামনে লিখিত বিবৃতি দেন। ওই বিবৃতিতে তিনি শুল্ক কর্তৃপক্ষের কাছে সোনা আনার বিষয়টি গোপন করেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যাগেজ আইনানুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী, মুঠোফোন শুল্কমুক্ত। আসামি তা ঘোষণা দিয়ে আনার পরও গ্রেপ্তার করা হয়েছে দাবি করে রিট আবেদন করেন। এ কারণে আদালত কোনো রুল ইস্যু না করেই আসামিকে মুক্তির আদেশ দেন। পরে শুল্ক কর্তৃপক্ষ আদালতকে অবহিত করেন যে, এই আসামির কাছ থেকে বিভিন্ন প্রসাধন সামগ্রী ছাড়াও ২৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শুনানিকালে আদালতে তা গোপন করা হয়েছে। তিনি বলেন, আপিল বিভাগ শুনানি শেষে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন।