হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন ঘন সোনা চোরাচালানের ঘটনা প্রতিরোধে করণীয় আলোচনা করতে চেয়েছিল বিমান ও পর্যটন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। কিন্তু বিমান বাংলাদেশের চেয়ারম্যান জামাল উদ্দিন বৈঠকে উপস্থিত না থাকায় এ বিষয়ে কমিটির আলোচনা বেশি দূর এগোতে পারেনি।
উল্টো বিমান কর্তৃপক্ষ বলেছে, সোনা চোরাচালানের সঙ্গে বিমানের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তবে এই বক্তব্যকে অযৌক্তিক বলেছেন সংসদীয় কমিটির সদস্যরা। বৈঠকে বিমানের চেয়ারম্যান উপস্থিত না থাকায় কমিটি অসন্তোষ প্রকাশ করে। গতকাল সোমবার সংসদ ভবনে বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন ঘন সোনা চোরাচালানের ঘটনা ধরা পড়ার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ তাদের প্রতিবেদনে বলেছে, বিমানের কর্মকর্তাদের সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এঁদের কয়েকজনকে চাকরিচ্যুত ও সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুখ খান বলেন, বিমানের কর্মীরা সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকবেন, আর সেটা গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তাঁদের ভাবমূর্তি ক্ষুণ² হচ্ছে—এ ধরনের যুক্তি হাস্যকর। চোরাচালানের সঙ্গে জড়িত থাকলে সেটা তো গণমাধ্যমে আসবেই। কমিটি বিমানকে বলেছে, আগেও এ ধরনের ঘটনা ঘটেছে, এখনো ঘটছে, এর সঙ্গে আরও অনেকে জড়িত, সবাইকে খুঁজে বের করতে হবে।