সোনা চোরাচালানের মামলায় আনসার সদস্য কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা চোরাচালান-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে করা মামলায় এক আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম শাহীন মিয়া। আজ বুধবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, সোনা চোরাচালান-সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় আসামি শাহীন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ নভেম্বর চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী গ্রামের আলাউদ্দিন চৌধুরী দুবাই থেকে উড়োজাহাজে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেদিন তিনি তাঁর সঙ্গে থাকা দুটি লাগেজ বিমানবন্দরে ফেলে যান। পরের দিন বিমানবন্দরের সংশ্লিষ্ট শাখায় এসে লাগেজ দুটি ছাড়িয়ে নেন তিনি। কিন্তু বিমানবন্দরে লাগেজ দুটি স্ক্যান করে ২৫টি সোনার বার পাওয়া যায়। সোনার বার উদ্ধারের ওই ঘটনায় সেদিন কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় কোনো মামলাও হয়নি।

বিষয়টি জানাজানি হওয়ার পর দুদক অনুসন্ধান শুরু করে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করে দুদক। দুই বছর তদন্ত শেষে চলতি বছরের ৪ জানুয়ারি সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ঘটনার সময় আসামি শাহিনসহ ছয় আসামি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। ঘটনার পর শাহীনকে সাময়িক বরখাস্ত করা হয়।