সোনা পাচারে সহায়তার অভিযোগ সিভিল এভিয়েশন কর্মীর বিরুদ্ধে
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার রাতে ২০ কেজি সোনা পাচারের চেষ্টায় সহায়তার অভিযোগ উঠেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) কর্মীর বিরুদ্ধে। ওই সোনা উদ্ধারের সময় তিন যাত্রীর সঙ্গে আটক সিভিল এভিয়েশনের কর্মী জিজ্ঞাসাবাদে তাঁর ঊর্ধ্বতন এক কর্মকর্তার নির্দেশে সহায়তার কথা জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ওই সোনা আটকের ঘটনায় গতকাল মঙ্গলবার বিমানবন্দর থানায় করা মামলায়ও সিভিল এভিয়েশনের দুই কর্মীকে আসামি করা হয়েছে। মামলার অপর তিন আসামি হলেন শাহনাজ হোসেন (৪৪), তাঁর মেয়ে আনজিলা হোসেন (২৬) ও আনজিলার স্বামী আগা নাভিল ইবনে একরাম (২৭)।
সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় নেমে ওই তিন যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁদের তল্লাশি করে ২০ কেজি ওজনের সোনার ২০টি বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তাঁদের সহায়তা করার অভিযোগে সিভিল এভিয়েশনের ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট মোবারক হোসেন মোল্লাকেও আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক হোসেন বলেছেন, সিভিল এভিয়েশনের প্রটোকল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ হাফিজুর রহমান মুঠোফোনে যেভাবে নির্দেশনা দিয়েছেন, তিনি সেভাবে কাজ করেছেন।
এজাহারে বলা হয়, হাফিজুরের নির্দেশনা অনুযায়ী মোবারক সোনা বহনকারী ওই তিন যাত্রীকে বোর্ডিং ব্রিজ থেকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাস্টমস এলাকায় আসা পর্যন্ত বিভিন্নভাবে সাহায্য করেন।
বিমানবন্দর থানার ওসি মো. শাহ আলম বলেন, মামলার পর গতকাল বেলা দুইটার দিকে আটক ব্যক্তিদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হবে।
পুলিশ জানায়, শাহনাজ গুলশানের ময়নারবাগে থাকেন।