সোনা 'চোরাচালানি চক্রের' ১০ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহভাজন সোনা চোরাচালানকারী একটি চক্রের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়৷
ডিবি বলেছে, দলটির নেতা নজরুল ইসলামের পুরানা পল্টনের বাসা থেকে আট কেজি ওজনের সোনার ৭০টি বার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে বিভিন্ন দেশের ভিসাযুক্ত নয়টি পাসপোর্ট এবং ৩৫ লাখ টাকার সমমূল্যের সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও বাংলাদেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম, ইকরামুল হক, মিজানুর রহমান, আবুল হোসেন, অসীম কুমার সিংহ, আবদুল কাদের, আনিছুর রহমান, বাবুল পোদ্দার, আবদুল মান্নান ভূঁইয়া ও জাহিদুর রহমান।
সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গত ২৭ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৫ কেজি সোনা আটকের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করতে গিয়ে ডিবি এই চক্রটির সন্ধান পায়। ডিবি জানতে পারে, চোরাকারবাির দলটির নেতা নজরুল ইসলাম৷ তিনি দুবাই থেকে উড়োজাহাজে সোনার চালান ঢাকায় পাঠান। তাঁর সহযোগী ইকরামুল হক চালান গ্রহণ করে চক্রের অন্য সদস্যদের মাধ্যমে ভারতে পাঠাতেন। অর্থের বিনিময়ে তাঁদের সহায়তা করেন বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার অসাধু কিছুসংখ্যক কর্মকর্তা।
ডিবির কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, রোববার রাতে মালয়েশিয়া রওনা হওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থেকে নয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী পুরানা পল্টনের বাসায় অভিযান চালিয়ে সোনার ৭০টি বারসহ দলনেতা নজরুলকে গ্রেপ্তার করা হয়। নজরুল বেশ কয়েক বছর ধরেই সোনা পাচার করছিলেন। তিনি বেশির ভাগ সময় দুবাই ও সিঙ্গাপুরে থাকেন। সেখান থেকে বাহকদের মাধ্যমে সপ্তাহে অন্তত দুটি চালান ঢাকায় পাঠাতেন।
এক প্রশ্নের জবাবে ডিবির যুগ্ম কমিশনার বলেন, বিমানবন্দরে প্রায় ৩০টি সংস্থা দায়িত্ব পালন করে। এর মধ্যে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী চোরাকারবাির চক্রের সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে।