সোনাই নদী দখল করে ৪০০ কোটি টাকার সায়হাম ফিউচার কমপ্লেক্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের সুনাই নদীর সাড়ে তিন একর জায়গা দখল করে ৪০০ কোটি টাকা ব্যয়ে সায়হাম ফিউচার কমপ্লেক্স নির্মাণ করছে শিল্পপ্রতিষ্ঠান সায়হাম গ্রুপ।এ দখলের কারণে নদীর প্রবাহ ও গতি কমে গেছে বলে অভিযোগ এনেছেন এলাকাবাসী ও পরিবেশবাদীরা। তবে সায়হাম গ্রুপের দাবি, এটা তাদের পারিবারিক এবং ১০০ বছর আগের ভূমি।এ দখলের প্রতিবাদে পরিবেশবাদীরা গত শুক্রবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখা ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর বাজারে এক মানববন্ধন করে। এ সময় সভায় পরিবেশ আন্দোলনের নেতারা বলেন, একটি নদী গ্রাস করে কোনো ফিউচার কমপ্লেক্স নির্মাণ হতে পারে না। যারা এ নদী দখল করে ব্যবসা করতে চান, তাঁদের এ দখল ছাড়তে হবে, নইলে তাঁরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।সরেজমিনে দেখা যায়, হবিগঞ্জের মাধবপুর বাজারের ওপর দিয়ে সোনাই নদী প্রবাহিত হয়েছে। এ নদীর ওপর দিয়ে চলেছে ঢাকা-সিলেট মহাসড়ক। ভারতের ত্রিপুরা এ নদীর উৎসস্থল। মাধবপুর সদর হয়ে তিতাস নদের সঙ্গে মিলেছে এ নদী।হবিগঞ্জের মাধবপুর বাজার এলাকায় নদীর দুই পাশে দীর্ঘদিন ধরে দখলপ্রক্রিয়া চলে আসছে। এলাকাবাসী জানান, প্রায় ২০০ দখলদার পুরো নদীকে গ্রাস করে আছেন। বিশেষ করে, ওই এলাকার প্রভাবশালী ও শিল্পপতি পরিবার সায়হাম গ্রুপ নদীর উত্তর দিকের একটি অংশজুড়ে সায়হাম ফিউচার কমপ্লেক্স নির্মাণ-প্রক্রিয়া শুরু করায় বিষয়টি সবার নজরে আসে। বর্তমানে প্রায় সাড়ে তিন একর জায়গা নিয়ে এ ফিউচার পার্কের নির্মাণ-প্রক্রিয়া চলছে। বিশ্বাস বিল্ডার্স এর নির্মাণপ্রতিষ্ঠান। মাধবপুর বাজারের ব্যবসায়ী সুবল দাশ বলেন, ‘যে জায়গায় সায়হাম ফিউচার কমপ্লেক্স হচ্ছে, আমরা জানি, তা নদীর সীমার ভেতরের জায়গা।’বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, একটি নদীর চলমান প্রাকৃতিক প্রবাহ কেউ বন্ধ করে দিতে পারে না। দখলদার শুধু সায়হাম পরিবারই নয়, যারাই এ দখলে আছেন, সবাইকে অবৈধ দখল ছাড়তে হবে।এ বিষয়ে সায়হাম ফিউচার কমপ্লেক্স ও সায়হাম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সৈয়দ মো. শাহজাহান বলেন, ‘এ জায়গা কোনো দখল নয়। তা আমাদের পারিবারিকভাবে পাওয়া এবং ১০০ বছরের পুরোনো। আমরা প্রকল্প গ্রহণকালে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি উপস্থিত থেকে ভূমি জরিপ করে আমাদের জায়গা বুঝিয়ে দিয়ে গেছেন।, তিনি আরও বলেন, ‘আমরাও চাই, নদী দখলমুক্ত হোক। তবে একটি চক্র আমাদের হেয় করার জন্য আমাদের দখলবাজ সাজাচ্ছে।’হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম বলেন, এ বিষয়ে তাঁরা কোনো অভিযোগ পাননি। তবে পাউবো ঘটনাস্থল তদন্ত করে দেখবে বলে তিনি জানান।