সোনাইমুড়িতে পুলিশ-জনতা সংঘর্ষে আহত ২০
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর আবুল খায়ের উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলনরত স্থানীয় লোকজনের সঙ্গে গতকাল সোমবার পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নোয়াখালী পুলিশ লাইনের পাঁচ পুলিশ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়ি ও স্থানীয় বাজারের তিন-চারটি দোকান ভাঙচুর করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয়টি গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকে প্রধান শিক্ষক পদত্যাগ করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সফিউল্লাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের নেতা শাহ আলমকে সোনাইমুড়ির বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হকের চাকরির মেয়াদ ২০০৭ সালের ৩১ মে শেষ হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ তাঁকে আরও দুই বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেয়, যার মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর। এরপর চার মাসের বেশি সময় প্রধান শিক্ষকের পদ শূন্য থাকে। এর মধ্যে পরিচালনা পর্ষদ নতুন প্রধান শিক্ষক নিয়োগ না দিয়ে ৮ মে মমিনুলকে আবারও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবি করেন। ফলে তৃতীয় মেয়াদে নিয়োগের পর থেকে প্রধান শিক্ষক কর্মস্থলে আসেননি। বুধবার সোনাইমুড়ি থানায় পরিচালনা পর্ষদের বৈঠকে গতকাল সোমবার থেকে প্রধান শিক্ষকের কর্মস্থলে উপস্থিত থাকার সিদ্ধান্ত হয়। গতকাল সকাল সাড়ে নয়টায় পুলিশের প্রহরায় প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন। আগে থেকে সেখানে জড়ো হওয়া এলাকাবাসী এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিয়ে ভেতরে ঢুকে পড়েন। একপর্যায়ে পুলিশ উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম বলেন, ইটের আঘাতে তাঁদের পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ছাড়া তাঁদের একটি গাড়ির কাচ ভাঙচুর হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে বিদায়ী প্রধান শিক্ষক মমিনুল হকের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।