সোনাইমুড়িতে ব্যাপক সংঘর্ষ, গুলিতে নিহত ১
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে দুপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে সাদ্দাম হোসেন (১৮) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আ ফ ম বাবুলের সমর্থকেরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজের কেন্দ্র দখল করার চেষ্টা চালান। এ সময় ১৯ দল-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল হকের সমর্থকেরা তাঁদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাদ্দাম হোসেন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ। তবে কার গুলিতে সাদ্দামের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয় বলে সহকারী রিটার্নিং অফিসার রহিমা খাতুন জানিয়েছেন।
পরে বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি মোতাহের হোসেন দাবি করেন, নিহত সাদ্দাম হোসেন বিএনপির কর্মী ছিলেন। তবে নিহত সাদ্দামের বাবা জাহাঙ্গীর হোসেন বলেছেন, তাঁর ছেলে সাদ্দাম ঢাকায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করেন। তিনি সোনাইমুড়িতে দুদিন আগে ভোট দিতে এসেছেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগাযোগ নেই।