নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা খাদ্যগুদাম থেকে ১৪৫ বস্তা গম গায়েব হওয়ার ঘটনায় গুদাম ইনচার্জ ও স্থানীয় বিতরণকারী (ওসিএলএসডি) কামরুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই খাদ্যগুদামের আট কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছে। জেলা খাদ্যনিয়ন্ত্রক গোলাম মোস্তফা সরকার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য জানান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মে মাসের শেষ দিকে উপজেলা খাদ্যগুদাম থেকে ওসিএলএসডি কামরুল বেশ কিছু গম বিক্রি করেন। জেলা খাদ্যনিয়ন্ত্রক গোলাম মোস্তফা সরকার প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা খুঁজে পান। পরে তিনি গুদাম সিলগালা করে দেন এবং এ ঘটনা তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করেন। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রকের দপ্তর শাস্তিমূলক ওই পদক্ষেপ নেয়।