সোনাইমুড়ীতে অটোরিকশাকে বাসের চাপা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস চাপা দেওয়ার ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের বাসিন্দা মেজবাহ উদ্দিন ওরফে ওহাব (৩৭) এবং অটোরিকশার চালক দিনাজপুরের নবাবগঞ্জ থানার দেনাতপাড়া গ্রামের এনামুল হক ওরফে বাবু (২৮)।

আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. সোহেল (৩২) ও মো. জাহেদ (৩৬)। তাঁদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বেলা সাড়ে তিনটার দিকে চৌমুহনী—রামগঞ্জ সড়কের শিমুলিয়া এলাকায় চৌমুহনী থেকে ছেড়ে আসা জননী সুপার সার্ভিসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চারজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে মেজবাহ উদ্দিন ও এনামুল হককে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।